রক্তে শর্করার মাত্রা বাড়ছে, অথচ ডায়াবেটিস ধরা পড়েনি। তাই বলে নিশ্চিন্ত থাকার উপায় নেই। কারণ, দীর্ঘদিন ধরে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকলে তার প্রভাব পড়তে পারে মস্তিষ্কের উপরও।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, তরুণ বয়স থেকে মধ্যবয়স পর্যন্ত সুগার ক্রমশ বাড়লে ৫৫ বছর বয়সেই স্মৃতিশক্তি, কোনও কিছু বোঝা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় প্রভাব পড়তে পারে। এমনকী, টাইপ-২ ডায়াবেটিস না হলেও এই আশঙ্কার ইঙ্গিত মিলেছে।
জার্নাল অফ দ্যা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে প্রকাশিত গবেষণায় ২৮০০-র বেশি মানুষের প্রায় ৩০ বছরের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়। ১৯৮৫-৮৬ সালে গবেষণায় অংশ নেওয়ার সময় তাঁদের বয়স ছিল ১৮ থেকে ৩০ বছর। দীর্ঘদিন ধরে তাঁদের ফাস্টিং ব্লাড সুগারের মাত্রা পর্যবেক্ষণ করেন গবেষকরা।
অংশগ্রহণকারীদের বয়স যখন প্রায় ৫৫ বছর, তখন স্মৃতিশক্তি, তথ্য প্রক্রিয়াকরণের গতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, যাঁদের রক্তে শর্করার মাত্রা বছরের পর বছর বেড়েছে, তাঁদের পরীক্ষার ফল তুলনায় খারাপ। যাঁদের সুগার কম ও স্থিতিশীল ছিল, তাঁদের ক্ষেত্রে ছবিটা ছিল অন্যরকম।

ডায়াবেটিস না হলেও প্রভাব?
গবেষণার তাৎপর্যপূর্ণ দিক, কগনিটিভ ক্ষমতা কমার ইঙ্গিত শুধু ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। যাঁদের সুগার ধীরে ধীরে বেড়েছে, কিন্তু ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছয়নি, তাঁদের ক্ষেত্রেও একই সম্পর্ক দেখা গিয়েছে। গবেষণার প্রধান লেখক রেজিনা পারাদেলার মতে, এতদিন ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত স্মৃতিশক্তি ও অন্যান্য কগনিটিভ সমস্যাকে মূলত বেশি বয়সের বিষয় বলে মনে করা হত। নতুন পর্যবেক্ষণ অবশ্য প্রিডায়াবেটিস এবং দীর্ঘদিন ধরে বাড়তে থাকা সুগারের দিকেও নজর দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
মস্তিষ্কে কী বদল হয়?
দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালিগুলির ক্ষতি হতে পারে। ব্যাহত হতে পারে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্সও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। কারণ, শেখা ও স্মৃতি ধরে রাখার প্রক্রিয়াতেও ইনসুলিনের ভূমিকা রয়েছে।
গবেষণায় ৬০৫ জনের এমআরআই স্ক্যানেও মস্তিষ্কের গঠনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। যাঁদের পর্যবেক্ষণ চলাকালীন ডায়াবেটিস হয়েছে, তাঁদের গ্রে ম্যাটারের পরিমাণ তুলনায় কম এবং হোয়াইট ম্যাটারে অস্বাভাবিক পরিবর্তন বেশি দেখা গিয়েছে। তাঁদের কগনিটিভ পরীক্ষার ফলও তুলনায় খারাপ ছিল।

সতর্কতা শুরু হোক আগেই
তবে গবেষণাটি রক্তে শর্করা বৃদ্ধি ও কগনিটিভ ক্ষমতা হ্রাসের মধ্যে সম্পর্ক দেখিয়েছে, সরাসরি কারণ প্রমাণ করেনি। তাই এই ফলকে স্মৃতিশক্তি কমে যাওয়ার অবশ্যম্ভাবী ইঙ্গিত হিসেবে দেখার কারণ নেই। বরং, ডায়াবেটিসের ঝুঁকি এড়ানোর পাশাপাশি মস্তিষ্কের দীর্ঘমেয়াদি সুস্থতার জন্যও বিপাকীয় স্বাস্থ্যের যত্ন নিতে হবে। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং নির্দিষ্ট সময় অন্তর রক্তে শর্করা পরীক্ষা করা সেই অভ্যাসেরই অংশ।
