লোকাল ট্রেনে ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র রেখে জায়গা রাখার অভিযোগ দীর্ঘদিনের। দরজার সামনেও জিনিসপত্র রেখে, ইচ্ছাকৃতভাবে ভিড় করে রাখার অভিযোগও ওঠে অনেক যাত্রীর বিরুদ্ধে। এইসব বিষয়ে লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে বিবাদও হয় অনেক সময়। এবার সেই বিষয়ে শুরু হল বিশেষ সচেতনতামূলক অভিযান। শিয়ালদহের দক্ষিণ শাখায় এই অভিযান ও যাত্রী সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হল।
বারুইপুর জিআরপি ও আরপিএফের তরফে এই নিয়ে আজ, রবিবার সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রচার চলে। বিভিন্ন ট্রেনের বগিতে উঠে মানুষজনকে সচেতন করেন। জিআরপি ও আরপিএফের আধিকারিক ও কর্মীরা ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায় গিয়ে মাইকের মাধ্যমে যাত্রীদের সতর্ক করেন। অনেক যাত্রী অন্যদের জন্য ট্রেনের বিভিন্ন জায়গায় আসন রেখে দেন। সেই কাজ বন্ধ করতে আগেও প্রচার চালিয়েছে রেল। আরও একবার সেই প্রচার শুরু হল।
ট্রেনের দরজার সামনে অযথা ভিড় না করা, ওঠানামার পথে বাধা সৃষ্টি না করা এবং ব্যাগ বা অন্য কোনও জিনিস রেখে আসন দখল করে না রাখার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়। পাশাপাশি ট্রেনে যাতায়াতের সময় নিজেদের মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী সুরক্ষিত রাখার বিষয়েও বিশেষভাবে সচেতন করা হয়। অপরিচিত ব্যক্তির হাতে নিজের জিনিসপত্র তুলে না দেওয়া এবং যাত্রাপথে ব্যক্তিগত সামগ্রীর উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়। রেলযাত্রীরাও রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
রেলযাত্রীদের একাংশের অভিযোগ, নিত্যদিন লোকাল ট্রেনে যাতায়াতের সময় আসন দখল করে রাখা হয়। দরজার সামনে ভিড় করে থাকার কারণে ওঠানামা করতেও সমস্যা হয়। ব্যক্তিগত সামগ্রী হারিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায় প্রায়শই। এই পরিস্থিতিতে রেল পুলিশের এই উদ্যোগ কতটা কার্যকর হবে? সেই চর্চা শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তা, সুষ্ঠু যাতায়াত এবং ট্রেনে শৃঙ্খলা বজায় রাখাই এই যৌথ অভিযানের মূল লক্ষ্য। লোকাল ট্রেনে আসন দখল করলে কড়া পদক্ষেপ হবে। সেই বার্তাও রেলের তরফে দেওয়া হয়েছে।
