ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে জঙ্গলমহল পুরুলিয়া সফর পিছিয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, ২১ শে নভেম্বরের জায়গায় ১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় (Purulia) যাবেন। আদিবাসী জনজাতিদের একাধিক সামাজিক সংগঠন ছাড়াও বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। প্রথমে পুরুলিয়া জেলা সার্কিট হাউসে সামাজিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর শহর পুরুলিয়ার গাড়িখানায় বিজেপির জেলা কার্যালয়ে বৈঠক করবেন শুভেন্দু। আকাশপথে পুরুলিয়া যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, সেই সঙ্গে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি নবান্ন থেকে নজরদারি করার জন্যই জঙ্গলমহল সফর বাতিল হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তাছাড়া ওই ঘূর্ণিঝড়ের জেরে পুরুলিয়াতেও বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
মুখ্যমন্ত্রীর এই পুরুলিয়া সফরে আলাদাভাবে প্রশাসনিক বৈঠক না থাকলেও এই জেলার উন্নয়ন নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের এই জেলায় ভারী শিল্পের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হবে। সামাজিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি থাকবেন। গত ১২ নভেম্বর দক্ষিণ বাঁকুড়ায় বাঁদনা কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন তিনি সামাজিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে ২১ নভেম্বর পুরুলিয়া যাবেন। এরমধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি আসায় প্রশাসনিক মহল থেকে জেলার রাজনৈতিক মহলে জল্পনা চলছিল হয়তো মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর বাতিল হবে। কিন্তু ২১ নভেম্বর দ্বিতীয়ার্ধে ওই বৈঠক হওয়ার দিনক্ষণ স্থির হয়। কিন্তু শেষমেষ ঘূর্ণিঝড়ের কারণে তা বাতিল হল।
সামাজিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের আগেই ২০ নভেম্বর নবান্নে আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সবে মিলিয়ে জঙ্গলমহলকে মুখ্যমন্ত্রী ব্যাপক গুরুত্ব দেওয়ায় বনমহলের জেলাগুলি ভীষণই খুশি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১ ডিসেম্বর তিনি সৈনিক স্কুলের হেলিপ্যাডে নামবেন। ফলে পুরুলিয়া প্রশাসনিক মহলে প্রস্তুতি চরমে। প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ-র দক্ষিণবঙ্গের আহ্বায়ক রাজেন টুডু বলেন, “কোথাও কোন বিতর্ক নেই। যার যে খুশি দাবি থাকতে পারে। আমরা অধিকারগুলো ঠিক মতো পাচ্ছি কিনা সেটাই বড় কথা। জল, জঙ্গল, জমি নিয়ে আমাদের যে লড়াই, যাকে ঘিরে আমরা রয়েছি। আমাদের সেই অধিকার নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।”
