জেলের মধ্যে এক সহবন্দির সঙ্গে জোর করে ঘনিষ্ঠতার চেষ্টা? তার জন্য কি লোভ দেখানো হয়েছিল ক্যান্টিনের কুপনের? প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি মহম্মদ আলি খুনের ঘটনায় পুলিশ ও জেল কর্তৃপক্ষের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। খুনের তদন্তে এবার পুলিশের স্ক্যানারে ওই বন্দিরই এক ‘টেনিয়া’। বেশ কয়েকজন বন্দিকে জিজ্ঞাসাবাদ করে মহম্মদ আলির ওই ভাবশিষ্য তথা ‘টেনিয়া’র সম্পর্কে তথ্য এসেছে পুলিশের কাছে। তাতেই সদ্য যৌবনে পা দেওয়া ওই যুবকের ভূমিকা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই জেল কর্তৃপক্ষের সহযোগিতায় হেস্টিংস থানার আধিকারিকরা ওই যুবককে জেরা করেছেন। আলি ওই যুবককে শৌচালয়ের কাছে ডেকে নিয়ে যান, এমন সম্ভাবনা রয়েছে। আলির সঙ্গে যাওয়ার পরই দু’জনের বচসা ও তার পর এই খুনের ঘটনা ঘটে কি না, পুলিশ তা জানার চেষ্টা করছে।
কারা ও পুলিশের সূত্র জানিয়েছে, প্রেসিডেন্সি জেলের ভিতর মাদক মামলায় ধৃত মহম্মদ আলি খুনের পর তাঁর সঙ্গে বেশি কাদের সদ্ভাব ছিল, সেই তথ্য জানতে গিয়েই উঠে আসে ওই ‘টেনিয়া’র তথ্য। অন্যান্য বন্দিদের জিজ্ঞাসাবাদ করে কারা ও পুলিশের আধিকারিকরা জানতে পারেন যে, আলি দাগী হওয়ার কারণে জেলে, বিশেষ করে ৪৪ নম্বর ওয়ার্ডে নিজের প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করত। গত জুন মাসে কলকাতায় একটি বাইক চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ওই যুবক। পুলিশ হেফাজতের পর তার জেল হেফাজত হয়। এর পর থেকে সে প্রেসিডেন্সি জেলের ৪৪ নম্বর ওয়ার্ডেই থাকত। প্রথমে ওই যুবক অন্য এক বিচারাধীন বন্দির ‘টেনিয়া’ হিসাবে তার ফাইফরমাশ খাটত। তার বদলে ওই যুবক ক্যান্টিনের কুপন চেয়েছিল। উল্লেখ্য, বন্দিদের পরিবারের পক্ষ থেকে ক্যান্টিনের জন্য জেল কর্তৃপক্ষের কাছে টাকা জমা রাখতে হয়। তার বদলে সংশ্লিষ্ট বন্দিকে দেওয়া হয় ক্যান্টিনের কুপন। সাধারণভাবে জেলের খাবার ছাড়াও ওই কুপনের বিনিময়ে জেলের ক্যান্টিন থেকে বন্দিরা সুস্বাদু খাবার খায়।
সূত্রের খবর, বন্দিরা যে ‘টেনিয়া’দের দিয়ে নিজের কাজ করিয়ে নেয়, বদলে তাদের ক্যান্টিনের কুপন দেওয়াই জেলের অলিখিত নিয়ম। কিন্তু ওই বন্দির কাছ থেকে কুপন পেত না ওই যুবক বন্দি। তখনই আলি তাকে প্রায় প্রত্যেকদিনই পর্যাপ্ত সংখ্যক ক্যান্টিনের কুপন দেওয়ার লোভ দেখায়। ওই বন্দিকে ছেড়ে প্রায় মাসখানেক ধরে আলির ফাইফরমাস খাটতে শুরু করে ওই যুবক। তদন্তে পুলিশ জেনেছে, আলি প্রায়ই ওই ‘টেনিয়া’ যুবকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। যুবক আপত্তি করায় জোর করতেন তিনি। তার বদলে লোভ দেখাতেন বেশি ক্যান্টিন কুপনের। কিন্তু ঘনিষ্ঠ হতে জোর করার কারণে আলির উপর ওই যুবকের রাগ জমে উঠেছিল কি না, পুলিশ তা জানার চেষ্টা করছে। আবার ওই যুবক যত ক্যান্টিনের কুপন চেয়েছিল, আলি তাকে সেই সংখ্যক কুপন আদৌ দিত কি না, তা নিয়েও রয়েছে পুলিশের সন্দেহ। ওয়ার্ডের অন্য বন্দিরা কারা ও পুলিশ আধিকারিকদের জানিয়েছে, ওই ‘টেনিয়া’ আলির খাবার এনে দেওয়া থেকে শুরু করে তার বিছানা, জামাকাপড় গোছানো, সাফসুতরো রাখার দায়িত্ব নেয়। অনেক সময়ই দিনের বেলায় আলির বিছানায় সে গড়িয়ে নিত।
জেরায় ওই যুবক পুলিশ ও জেলের আধিকারিকদের জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ তাদের রোল কল হয়। তখন সে আলিকে দেখেছে। কিন্তু এর পর আলি কোথায় গেলেন, তা সে জানে না বলে দাবি। তার দাবি, সে ওয়ার্ডের ভিতর গিয়ে আলির বিছানায় শুয়েছিল। ওয়ার্ডের কয়েকজন বন্দি তাকে বিছানায় দেখলেও কোন সময়, তা নিয়ে রয়েছে রহস্য। ফের বিকেল পৌনে পাঁচটায় যুবক রোল কলে যায়। তখনই জানা যায়, আলি নিখোঁজ। আবার যে নেশাগ্রস্ত সহবন্দিদের সঙ্গে আলি বেশি করে মিশতেন, তাদেরও জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।