Hashtagintro

বিপজ্জনকভাবে ঝুলছে হোর্ডিং! দুর্গাপুজোর দেড়মাস পরও বিজ্ঞাপনী তোরণে যানজট, ক্ষুব্ধ বর্ধমানবাসী

শারদোৎসবে রাস্তাজুড়ে গড়া হয়েছিল বিজ্ঞাপনী তোরণ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো এমনকী জগদ্ধাত্রী পুজোও হয়ে গিয়েছে কবেই। দুর্গাপুজোর দেড় মাস পরেও সেই সব বিজ্ঞাপানী গেট রাস্তাজুড়ে দাঁড়িয়ে রয়েছে বর্ধমান শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায়। এর জেরে রাস্তা সঙ্কুচিত হয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে। আবার বাঁশের সেই সব কাঠামো খুলে পড়লে বড় বিপদেরও আশঙ্কা রয়েছে। এখনও সেই সব গেট না খোলায় তৃণমূল পরিচালিত পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বড় বিপদ ঘটলে তবেই কি পুরসভার টনক নড়বে? উঠছে প্রশ্ন।

বর্ধমান শহরের লাইফলাইন ধরা হয় জিটি রোডকে। এই সড়কের ধারেই বিভিন্ন বিগ বাজেটের দুর্গাপুজো হয়ে থাকে। আর সেই সব পুজোয় জিটি রোডের উপর বাঁশের কাঠামোয় বিজ্ঞাপনী প্রচারের তোরণ করা হয়। পুজোর পর সেই সব তোরণ খুলে নেওয়ার কথা। কিন্তু পুজোর পর প্রায় দেড়মাস অতিক্রান্ত হলেও খোলা হয়নি সেই সব গেট। কোথাও বাঁশের কাঠামো আলগা হয়ে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে। আবার কোথাও বিজ্ঞাপনের হোর্ডিং সেই সব কাঠামো থেকে বিপজ্জনকভাবে ঝুলছে। রাস্তার উপর কাঠামো থাকায় যান চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। কোথাও আবার প্যান্ডেলের কাঠামোও এখনও পুরোপুরি খোলা হয়নি। বর্ধমান স্টেশন থেকে গোলাপবাগ, বড়নীলপুর মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত জিটি রোডের বিভিন্ন জায়গায় এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সেই বিশাল বিশাল তোরণ।

এক বাসচালক বলেন, “তোরণের কারণে জিটি রোডের একাংশ কার্যত অবরুদ্ধ। ব্যস্ত সময়ে বাস চালাতে সমস্যা হচ্ছে। যাত্রীরাও দুর্ভোগে পড়ছেন।” বাসযাত্রী তপন দাস বলেন, ‘‘বিপজ্জনক কাঠামো ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? প্রশাসন কি কোনও বিপদের অপেক্ষায়?’’ বিকাশ দত্ত নামে এক পথচারী বলেন, “ছট পুজোর সময় বিসি রোডে এইরকমই একটি তোরণ ভেঙে পড়েছিল। স্কুল-কলেজের ব্যস্ত সময়ে এই তোরণগুলো যেমন যানজট বাড়াচ্ছে, তেমনই দুর্ঘটনার আশঙ্কা থাকছে। পুরসভা কেন ব্যবস্থা নিচ্ছে না বোধগম্য হচ্ছে না। পুজো তো অনেকদিন আগেই মিটে গিয়েছে।” পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। পুরসভার আধিকারিক জয় রঞ্জন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তোরণ তৈরির দায়িত্বে থাকা ডেকরেটর সংস্থাগুলিরই সেগুলি খুলে নেওয়ার কথা। তাঁদের গড়িমসিতেই দেরি হচ্ছে। দ্রুত বাকি তোরণ সরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language