কলকাতা, হাওড়া পুরসভায় নির্বাচন হওয়া নিয়ে আপাতত অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিএম নেতারা। এর ফলেই নির্ধারিত সময়ে নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে বিজেপি। এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আদালত সংক্রান্ত এই সব বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল নিজেরা না গিয়ে সিপিএমকে দিয়ে আদালতে পাঠাচ্ছে।” এর পাশাপাশি আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, একসময় তৃণমূলের পাশে বসতে লজ্জা পেতেন বিকাশ। এখন তাঁর কাছেই যাচ্ছে তৃণমূল। তাদের অনুরোধে সাড়া দিচ্ছেন বিকাশবাবু। শমীকের কটাক্ষ, “উনি অনেক বড় মনের মানুষ।” এর পাশাপাশি বিজেপি কর্মীদের আরও নমনীয় ও সংযত হওয়ার বার্তা দেন তিনি।
বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার নিউ আলিপুরের ট্রাইঅ্যাঙ্গুলার পার্কে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার ও বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদার। এদিনের অনুষ্ঠান থেকেই শমীক ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরসা মুন্ডার জন্মদিনকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। আদিবাসী ইস্যুতে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছিল তৃণমূল। রাজ্যে একলব্য মডেল স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রেও তৎকালীন তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শমীকের অভিযোগ, আদিবাসীদের নিয়ে দীর্ঘদিন ভোটব্যাঙ্কের রাজনীতি করা হয়েছে। কিন্তু মানুষ সেই রাজনীতি প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি, গোপীবল্লভপুরে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তৃণমূলকে কটাক্ষ করে শমীক বলেন, গত ১৫ বছর ধরে রাজ্যে আর এক ‘ভগবান’-এর কথা শোনা গিয়েছে। নিউ আলিপুরে ভগবান বিরসা মুন্ডা গাছের তলায় থাকেন, আর অন্য ‘ভগবান’ সুসজ্জিত বাড়িতে থাকতেন।
এরপরই আদালত সংক্রান্ত বিষয়ে তৃণমূলকে আক্রমণ করে শমীকের অভিযোগ, নিজেরা না গিয়ে সিপিএমকে দিয়ে আদালতে পাঠাচ্ছে তৃণমূল। বিকাশরঞ্জন ভট্টাচার্যকে শমীকের কটাক্ষ, একসময় যিনি তৃণমূলের পাশে বসতেও লজ্জা পেতেন, আজ তাঁর কাছেই যাচ্ছে তৃণমূল। তৃণমূলের অনুরোধে বিকাশ সাড়া দিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেও সরব হন শমীক। তাঁর অভিযোগ, একটি খ্রিস্টান স্কুলে শিক্ষিকাদের গেরুয়া শাড়ি না পরার নির্দেশ দেওয়া হচ্ছে। আসানসোলের একটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ধর্মান্তকরণের কাজ করার অভিযোগও তোলেন তিনি। শমীকের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির জায়গা নয়।
