বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তালিকায় রয়েছেন সে দেশের আরও দুই মহিলাও।
প্রতিবারের মতো এবছরও ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর তালিকা প্রকাশ করেছে জর্ডনের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তারেককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর প্রসঙ্গে বলা হয়েছে, তারেক বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রার্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থেকেও তিনি বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালে দেশে ফেরেন তারেক। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ জয় অর্জন করে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তারেক। এর মাধ্যমেই বাংলাদেশে ফের বিএনপি সরকারের যাত্রা শুরু হয়।
তারেক ছাড়াও ‘দ্য মুসলিম ৫০০’-এর এবছরের তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। তাঁরা দু’জনেই ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয় বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন। হামিদা বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিতভাবে এই তালিকায় স্থান পেয়ে আসছেন। অন্যদিকে, রাজিয়া একজন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সংক্রান্ত কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেছেন।
প্রসঙ্গত, গত বছর এই তালিকায় ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস। তবে এবছর তাঁর নাম নেই। নিয়ম অনুযায়ী, কেবল প্রথম ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতি-সহ মোট ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, এবছরের তালিকায় তারেক-সহ বিশেষ বিভাগে স্থান পেয়েছেন। ১ থেকে ৫০-এর মধ্যে নয়।
