প্রাক্তন মুসলিম, ইউটিউবার ও সমাজকর্মী সাহিলের উপর ১২ জন মুসলিম ব্যক্তি হামলা চালিয়েছে বলে অভিযোগ। রক্তাক্ত চেহারায় সাহিল নিজেই সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেছেন। শনিবার রাতের অন্ধকারে ওই হামলা চালানো হয়। ইউটিউবারের দাবি, মুসলিম ধর্ম সম্পর্কে তাঁর স্পষ্ট মতামতের জন্য়ই তাঁকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল। কোনও মতে পালিয়ে বাঁচেন তিনি।
ভিডিওতে দেখা গিয়েছে, সাহিলের বাঁ-চোখের উপরের অংশ ক্ষতবিক্ষত। রক্ত ঝরে পড়ছে। ওই অবস্থায় তিনি বলেন, “নতুন বন্ধুদের সঙ্গে ভাশির একটি জায়গায় গিয়েছিলাম। সেখানে আমার আগের বাসস্থান ধারাভির একদল লোক আমাকে আক্রমণ করে। তাঁরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল।” আক্রমণকারীদের উদ্দেশে কটাক্ষের সুরে তিনি বলেন, “এটাই তোমাদের কাছে ইসলাম!” যোগ করেন, “মুম্বই ও ভারতের প্রাক্তন মুসলিমরা ভালো নেই।” সাহিলের ভিডিও ‘এক্স’ হ্যান্ডেলে ভাইরাল হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুম্বই পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।
ইসলাম ধর্ম ত্যাগ করা সাহিল গত ছয় বছরে ‘এক্স-মুসলিম’ (প্রাক্তন মুসলিম) সমাজকর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন। অন্যতম কারণ ইউটিউব-সহ একাধিক সমাজমাধ্যমে তাঁর জনপ্রিয়তা। যেখানে মুসিলম ধর্মের সমালোচনা করতে দেখা যায় তাঁকে। এই ধারার অন্যান্য পরিচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মরিয়ম নামাজি, জাফর হেরিটিক, হ্যারিস সুলতান, অ্যাডাম সিকার, আয়ান হিরসি আলি প্রমুখ। বিভিন্ন সমাজমাধ্যমে লক্ষাধিক সাব্সক্রাইবার রয়েছে সাহিলের। এর মধ্যে ‘এক্স-মুসলিম সাহিল আনসেন্সরড’ ইউটিউব চ্যানেলটিতেই তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার।
