Hashtagintro

বর্তমানে কালীঘাট শিবিরে ২৭ বিধায়ক! শোভনদেবের দাবি ঘিরে বিতর্ক

তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েনের পারদ ক্রমশ উর্ধ্বমুখী। একে একে কয়েকজন তৃণমূল বিধায়ক বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন। বস্তুত, সেই কারণে দল ও  প্রতীক নিয়ে লড়াই ও জাতীয় নির্বাচন কমিশনে চূড়ান্ত শুনানির দিন যতই এগিয়ে আসছে, ততই দু’পক্ষের চাপানউতোরের জেরে কালীঘাটপন্থী একাধিক বিধায়কদের উপর পুলিশের চাপ ক্রমশ বাড়ছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার কালীঘাট শিবিরের তরফে বিধানসভার দলনেতা শোভনদেব চট্টোপাধ‌্যায় অভিযোগ করেছেন, ‘‘ভয়ংকর অত‌্যাচার শুরু হয়েছ মমতাকে সমর্থন করা বিধায়কদের উপর। দু’জন মহিলা বিধায়ক এসে অভিযোগ করেছেন, তাঁদের ছেলেদের পুলিশ থানায় আটকে রেখে বলেছে, আগে গিয়ে ঋতব্রতদের লিস্টে সই করে এসো তা না হলে ছাড়া হবে না। ছেলেদের মামলা দিয়ে দেবে, অন্তত ছয়মাস জেলে থাকবে। ওঁদের (ঋতব্রত) সঙ্গে থাকা বেশ কয়েকজন বিধায়ক পুজোর মধ্যে ও পরে যোগাযোগ করেছেন, সবাই চলে আসবেন বলেছেন।’’ এরপরই শোভনদেব দাবি করেন, ‘‘অনেকে চলে আসায় অংকের হিসাবে আমাদের শিবিরে এখন বিধায়ক সংখ‌্যা ২৭ জন, অর্থাৎ তৃণমূলের জয়ীদের হিসাবে এক তৃতীয়াংশের বেশি হয়ে গিয়েছে।’’ যদিও ঋতব্রত শিবিরের অন‌্যতম নেতা তথা বিধানসভার ডেপুটি লিডার এন্টালির বিধায়ক সন্দীপন সাহা পাল্টা বলেন, ‘‘এই সংখ‌্যার দাবি ঠিক নয়, দু’একজন বাড়তে পারে, কিছুতেই ওটা ২৭ হবে না।’’ বিরোধী দলনেতা নির্বাচনের সময় কালীঘাট তৃণমূলের সঙ্গে ছিল মাত্র ১৮জন। একে একে শিবির বদল করার জেরে সেটাই বেড়ে হল ২৭ হয়েছে বলে দাবি শোভনদেবের।

হাসনের বিধায়ক কাজল শেখ, শোভনদেবের হাত থেকে বিজয়ার মিষ্টি-মুখ নিয়ে এত বির্তক যাঁকে ঘিরে, তিনিও এদিন বিধানসভায় ছিলেন। বলেন, ‘‘আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলগতভাবে আমি মমতাদির সঙ্গে, তবে বিরোধী দলনেতা হিসাবে এখনও আমি ঋতব্রতকে মানছি।’’ বৃহস্পতিবারই তাঁর দুই নিরাপত্তারক্ষী প্রত‌্যাহার হয়েছে, বাড়িতে পুলিশি অভিযান হয়েছে বলে দাবি শোভনদেবের। প্রথম থেকে ঋতব্রত শিবিরে থাকা উত্তরবঙ্গের চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আফরিন আজাদ এদিন মুখ‌্যমন্ত্রীর রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকে যোগ দেননি। বিধানসভায় এদিন মিনহাজুলের বক্তব‌্য,  ‘‘আমি বিরোধী দলনেতার জন‌্য একসময় ঋতব্রতর সমর্থনে সই করেছিলাম। কিন্তু আমি মমতাদির সঙ্গে আছি, হলফনামায় দিদির পক্ষে সই করেছি। লোকেদেরও সই করাচ্ছি।’’  তবে ঋতব্রত শিবিরের সঙ্গে থাকা প্রাক্তন খাদ‌্যমন্ত্রী তথা মধ‌্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার প্রকাশ্যেই মমতার পক্ষে সওয়াল করলেও দু’জনের নিরাপত্তারক্ষী অপরিবর্তিত রয়েছে। যদিও মহালয়ার দিন নিজের কেন্দ্রে ঢোসা থেকে ফেরার পথে বিভাসের উপর বিজেপির হামলা হয়েছে। হামলাকারীরা বিভাসের গাড়ি ভাঙচুর করে মাথা ফাটিয়ে দেয়। তারপর মামলাও হয়েছে তাঁর বিরুদ্ধে। কিছুদিন আগেই ঋতব্রত শিবিরের আরেক নেত্রী প্রাক্তন মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন ডেপুটি লিডার ও গণতান্ত্রিক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীর পদে ইস্তফা দিয়েছেন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language