মুখোমুখি দু’টি আসনে একেবারে ‘পপাত চ মমার চ’ দুই যাত্রী! অভিযোগ, বিনা টিকিটের ওই দুই যাত্রী এভাবেই সফর করেছেন শুয়ে শুয়ে। এই দৃশ্য মুম্বইয়ের লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরায় বলে দাবি। যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি।
এক ব্যক্তির দাবি, তিনি নিজে ট্রেনটির কামরায় উপস্থিত ছিলেন। সকাল ৬টা ৪০ মিনিটে বোরিভালি ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া একটি ধীরগতির লোকাল ট্রেনে ভিডিওটি তোলেন তিনি। এক্স হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করে তাঁর দাবি, সম্ভবত টিকিট ছাড়াই ভ্রমণ করছেন ওই দুই ব্যক্তি। বোরিভালি আরপিএফ কর্মীদের কাছে তিনি অনুরোধ করেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে। তাঁর আরও দাবি, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।
I was not able to reach out on 139; couldn’t find an option to reach human agent to connect with RPF staff. Incident captured today 06:40 C slow train from Borivali platform 2; South end First class compartment. I can see such incidents every other day. @WesternRly @drmbct @rpfwr1 @MumbaiPolice @mumbaimatterz @MNCDFbombay
— Chinmay Purav (@chinmay_purav) October 29, 2026
নিজের পোস্টে চিন্ময় নামের ওই নেটিজেন আরও জানিয়েছেন যে, হেল্পলাইন নম্বর ১৩৯-এর মাধ্যমে তিনি রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও করতে পারেননি। তিনি আরও উল্লেখ করেন যে, সেখানে সরাসরি রেলের কোনও প্রতিনিধি বা আরপিএফ কর্মীর সঙ্গেও কথা বলার মতো কোনও বিকল্প খুঁজে পাননি তিনি। তাঁর আক্ষেপ, “আমি প্রায়শই এমন ঘটনা ঘটতে দেখি।” তাঁর পোস্টে তিনি পশ্চিম রেলওয়ে, মুম্বই সেন্ট্রাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ওয়েস্টার্ন রেলওয়ে আরপিএফ এবং মুম্বই পুলিশসহ সংশ্লিষ্ট অন্যদের ট্যাগ করেছেন।
অভিযোগটির প্রেক্ষিতে পশ্চিম রেলওয়ের মুম্বই সেন্ট্রাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কার্যালয় থেকে সাড়া মিলেছে ইতিমধ্যেই। আশ্বাস দেওয়া হয়েছে যে, বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আনা হয়েছে। দ্রুতই পদক্ষেপ করা হবে।
