Hashtagintro

‘বিজেপি না জিতলে ভালো হত’, অভয়ার মায়ের মন্তব্যে বিতর্ক, ‘অপরিণত’ তকমা অর্জুন-দিলীপের

পানিহাটিতে বিজেপি কর্মীর খুনের ঘটনায় জোর শোরগোল। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক রত্না দেবনাথের (Ratna Debnath) মন্তব্য নিয়ে চলছে জোর চাপানউতোর। বিধায়কের মন্তব্য নিয়ে দলের অন্দরেই উঠেছে সমালোচনার ঝড়। মুখ খুলেছেন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) এবং দিলীপ ঘোষও (Dilip Ghosh)।

শনিবার রাতে ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা বাড়ি ফিরছিলেন। সেসময় বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর হামলা হচ্ছিল বলে অভিযোগ। প্রথমে রুমা সাহা সেই বিবাদ থামাতে চেষ্টা করেছিলেন। পরে তিনি বাড়ি ফিরে বিষয়টি স্বামী অরূপ সাহাকে বলেন। বিবাদ মিটমাট করতে অরূপ দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন। যেসব লোকজন বিবাদ করছিলেন, তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছিল। অভিযোগ, তাঁরা বাড়ি না গিয়ে আরও অনেক বেশি লোক জড়ো করে ঝামেলা চালিয়ে যেতে থাকেন। সেসময় অরূপ সাহাকে সজোরে বুকে ধাক্কা মারা হয় অভিযোগ। তিনি মাটিতে পড়ে যান। রাতে বাড়ি ফেরার কিছু সময় পর থেকেই তিনি অসুস্থবোধ করতে থাকেন, বমিও হয়। তাঁকে দ্রুত স্থানীয় সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনাকে ‘খুন’ বলে দাবি করা হয়েছে। ঘটনা জানতেই কান্নায় ভেঙে পড়েন বিধায়ক রত্না দেবনাথ। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “এই পরিবারের জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত তাহলেই মনে হয় ভালো হত। এই তো এদের বাবা চলে গেল। আমার মেয়েটাও চলে গেল।” দলে তৃণমূলের লোকজনের ‘দাপট’ নিয়ে মুখ খোলেন রত্না। তাঁর কথায়, “৪ তারিখের পর যারা বিজেপি হয়েছে রং মেখে তারাই মূলত দলে বেশি কাজ পাচ্ছে। সহযোগিতা পাচ্ছে। অন্য জায়গার কথা বলতে পারব না। পানিহাটিতে মূলত এটাই হয়েছে।”

বিধায়কের এই মন্তব্য যে দলকে বেশ অস্বস্তিতে ফেলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, “ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তার হয়েছেও।” প্রায় একই সুর দিলীপ ঘোষের গলায়। তাঁর মতে, “বিধায়কের বিষয়টি ঠিক জায়গায় বলা উচিত। কোথাও সমস্যা থাকলে সেটা পার্টির লোকেরা দেখবেন। ওঁরও ঠিক জায়গায় বলা উচিত। প্রেস মিডিয়ায় বললে কোনও সমাঝাব হয় না। সমস্যা তৈরি হয়। সমাধান পার্টির তরফ থেকে করা উচিত। খোঁজ নেওয়া উচিত। দেখা উচিত যে কোথায় সমস্যা রয়েছে।” পালটা অবশ্য এই প্রসঙ্গে অভয়ার মায়ের আর নতুন করে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language