খোদ রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর পরিচয় ব্যবহার করে এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ! সিআইডির জালে অভিযুক্ত। ধৃতের নাম জুলফিকার আলি। সম্প্রতি বিধাননগর পূর্ব থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়। এরপরেই আজ, শনিবার গোটা ঘটনার তদন্তভার হাতে নেয় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। এরপরেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা জুলফিকার আলিকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। গোটা ঘটনার পিছনে আর কেউ রয়েছে কিনা তা জানতে দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃত জুলফিকারকে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে বা যারা তাঁর নাম ব্যবহার করে এই সব করছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে।
সিআইডি সূত্রে খবর, মন্ত্রীর পরিচয় ব্যবহার করে টানা তিন দিন ধরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে বার্তা পাঠিয়েছিলেন অভিযুক্ত। অভিযোগ, এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোই ছিল তাঁর উদ্দেশ্য। এসএসসির সচিবের অভিযোগের ভিত্তিতে প্রথমে বিধাননগর পূর্ব থানায় মামলা রুজু হয়। পরে তদন্তভার নেয় সিআইডি। সিআইডির ডিজি তথা আইজি নটরাজন রমেশবাবু জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের বার্তা ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে থাকায় এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
মূলত তদন্তকারীরা জানতে চাইছেন, নির্দিষ্ট কোনও চাকরিপ্রার্থী, নম্বর বা নথি নিয়ে ওই বার্তা পাঠানো হয়েছিল কি না। এর পিছনে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত একাই এই কাজ করেছিলেন, নাকি এর পিছনে আরও কেউ রয়েছে, তা জানতে হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ কথোপকথন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে বা যারা তাঁর নাম ব্যবহার করে এই সব করছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। এমনকী দোষীকে যাতে কড়া শাস্তি দেওয়া হয়, পুলিশ প্রশাসনের কাছে সেই আবেদনও জানিয়েছেন মন্ত্রী। বলে রাখা প্রয়োজন, বেশ কিছুদিন আগেই হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে পুলিশে অভিযোগ জানান মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনকে মেসেজ করে টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। এরপরেই এই ঘটনা, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, দুটি ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না তাও তদন্তের আওতায় বলে সূত্রের খবর।
