Hashtagintro

সুইমিং পুল খালি করে বসল বিয়ের আসর! বিতর্কে কালনা পুরসভা

পুরসভার নির্দেশকে থোড়াই কেয়ার! শিশুদের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সুইমিং পুলে বিয়ের অনুষ্ঠান মঞ্চ। শনিবার কালনা শহরে এমনই অবাক করা কাণ্ড ঘিরে নয়া বিতর্ক। অভিযোগের তির পাত্রীপক্ষের দিকে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিস্ময়ের ঘোর যেন কাটছে না কালনার বাসিন্দারা থেকে ক্রীড়াপ্রেমীদের। নিন্দায় সরব হয়েছেন অনেকেই। সুইমিং পুল থেকে জল বের করে বিয়ের আসর বসছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। সব দেখেশুনে যারপরনাই ক্ষুব্ধ হন তিনি। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখার নির্দেশ দেন পুলিশকে।

কালনা পুরসভা পরিচালিত শহরের পুরাতন বাসস্ট্যান্ডের সুইমিং পুলের জল বের করে দিয়ে সেখানে বাঁধা হয়েছে বিয়ের মঞ্চ। সোশাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তৈরি হয় বিতর্ক। জানা যায়, এই সুইমিং পুলে বিয়ের আয়োজন করেছিল পাত্রীপক্ষ। তাদের কাছে জানতে চাওয়া হয়, শিশুদের সাঁতার শেখার জন্য ব্যবহৃত সুইমিং পুলে কার অনুমতি নিয়ে বিয়ের অনুষ্ঠানের মঞ্চ বাঁধা হয়েছে? তার কোনও উত্তর দিতে পারেননি তাঁরা। তাতেই ক্ষুব্ধ হন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তিনি পাত্রীপক্ষকে সতর্ক করে দেন।

২১ নভেম্বর, শনিবার। সুইমিং পুল শুকনো করে বিয়েবাড়ির প্যান্ডেল, নিজস্ব ছবি

বিধায়কের হুঁশিয়ারি, “ছোটদের সাঁতার শেখার সুইমিং পুল খালি করে কোনওভাবেই বিয়ের মঞ্চ বাঁধা বা অন্য কোনও কাজে ব্যবহার করা যায় না। অবাক কাণ্ড! সুইমিং পুলের মধ্যে এরা বিয়ের স্টেজ তৈরি করে ফেলেছেন! যেহেতু আজই ওদের মেয়ের বিয়ে, তাই আজ প্রথম ও শেষবারের মতন এটা ছাড় দিলাম। তবে আর কোনওদিনও যাতে কেউ এরকম করতে না পারে, সে ব্যাপারে পুরকর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নির্দেশিকা তৈরি করা হবে।”

২১ নভেম্বর, শনিবার। কালনা পুরসভার সুইমিং পুল খালি করে বিয়ের আসর, খবর পেয়ে ছুটে গেলেন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, নিজস্ব ছবি

কালনা পুরসভা বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের জন্য সুইমিং পুল লাগোয়া ইনডোর ও পুলের আশেপাশের জায়গা ব্যবহারের জন্য ভাড়া দেয়। তবে বাচ্চাদের সাঁতার শেখার সুইমিং পুল ব্যবহারের অনুমতি দেওয়া হয়না। তা সত্বেও শুক্রবার রাতে পাত্রীপক্ষ সেই নিয়মের তোয়াক্কা না করেই সুইমিং পুলের জল বের করে তার মধ্যেই মঞ্চ তৈরি করে ফেলে। তা নিয়েই উঠছে প্রশ্ন। বিধায়ক যতই হুঁশিয়ারি দিক, পুরসভার গাফিলতির জন্যই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়দের অনেকে। এনিয়ে বিয়ের আয়োজক পাত্রীপক্ষের কেউ কোনও প্রতিক্রিয়া দেননি।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language