মুর্শিদাবাদের (Murshidabad) বিজেপি কর্মী সুজিত মণ্ডলকে খুনের পর দেহ টুকরো টুকরো করে ভাসিয়ে দিয়েছে খুনিরা! উদ্ধার হয় দেহের একাংশ। বাকি অংশ মেলেনি। বাবার দেহ না পেয়ে কুশপুতুল পুড়িয়ে চিরবিদায় জানাল বছর ছয়ের পুত্র।
রবিবার সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান শশ্মানে সুজিতের শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে। ধুলিয়ান শ্মশানে উপস্থিত ছিলেন বিজেপির মালদহ (দক্ষিণ) সাংগঠনিক জেলা সহ সভাপতি মিলন মণ্ডল। তিনি বলেন, “যেহেতু সুজিতের দেহ পাওয়া যায়নি তাই আজ প্রতীকী ভাবে তাঁকে চিরবিদায় জানানো হল। সুজিতের পরিবারের পাশে দাঁড়াতে আজ আমরা এখানে এসেছি। দলের তরফে সরকারের কাছে অনুরোধ করা হবে যাতে ওঁর পরিবার আর্থিক সাহায্য দ্রুত পেয়ে যায়।”
গত ২৮ আগস্ট নিখোঁজ হয়ে যান ধুলিয়ান পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা এলাকার বিজেপি নেতা সুজিত। পরবর্তীকালে বিভিন্ন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ শামাউল হক, জানি শেখ ও তাজফিরা বিবি নামে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে পুলিশ গত ৩ সেপ্টেম্বর ফরাক্কার বল্লালপুর ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে সুজিতের দেহের একটি অংশ উদ্ধার করে। দেহের বাকি অংশ ভেসে গিয়েছে বলে অনুমান পুলিশের। ওই দেহাংশ উদ্ধারের পর সেটি সুজিতের কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। সুজিতের পরিবারের এক সদস্যের সঙ্গে ডিএনএ পরীক্ষার চূড়ান্ত ফলাফল মিলে যায়। শনিবার সেই রিপোর্ট পৌঁছয় পরিবারের হাতে। মৃত বিজেপি কর্মীর সম্পূর্ণ দেহ না পাওয়া, আজ, রবিবার হিন্দু ধর্মীয় রীতি মেনে তাঁর কুশপুতুল তৈরি করে শ্মশানঘাটে বাবাকে চিরবিদায় দিলেন তাঁর নাবালক সন্তান।
প্রসঙ্গত, সম্প্রতি সুজিত মণ্ডল খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য অন্যতম অভিযুক্ত শামাউলকে সঙ্গে নিয়ে ধুলিয়ানের একটি বাজারে গিয়েছিল সিআইডির দল। সেই সময়ে পুলিশের বন্দুক ছিনিয়ে শামাউল গুলি চালায়। পুলিশের এনকাউন্টারে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, এনকাউন্টারে নিহত শামাউলের সঙ্গে বিজেপি নেতা সুজিতের ব্যবসায়িক সম্পর্ক ছিল। দু’জনে ব্যবসার পাশাপাশি সুদে টাকা ধার দিতেন। সাম্প্রতিক সময়ে সুজিত বড় অঙ্কের টাকা শামাউলকে ধার দিয়েছিলেন। কিন্তু ফেরত পাচ্ছিলেন না। সুজিত টাকা চেয়ে চাপ দেওয়াতেই তাঁদের সম্পর্কের অবনতি হয়। এরপর জানি শেখ ও তাজফিরা বিবিকে সঙ্গে নিয়ে সুজিতকে খুন করেন শামাউল। প্রমাণ লোপাট করতে দেহ টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেয়।
মৃত বিজেপি নেতা সুজিত মণ্ডলের এক ভাই সুশীল মণ্ডল বলেন, “দাদা নিখোঁজ হওয়ার পর থেকেই রাজ্য সরকার আমাদের পাশে থেকেছেন। এই খুনের ঘটনায় যুক্ত এক অভিযুক্তের এনকাউন্টার হয়েছে। আমরা চাই আরও যে দুই অভিযুক্ত রয়েছে তাদেরও যেন কঠোর শাস্তি হয়।” তিনি আরও বলেন, “রাজ্য সরকারের তরফ থেকে বউদিকে একটি চাকরি ও পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।” ধুলিয়ান শ্মশান ঘাটে সুজিতের কুশপুতুলের মুখাগ্নি করার জন্য পুলিশ-প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
