জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের খ্যাতি কে না জানে? পুজো ঘিরে যত আকর্ষণ, তার চেয়ে বিন্দুমাত্র কম উৎসাহ নেই বিসর্জন নিয়েও। পুজো শেষে বিসর্জনের শোভাযাত্রা দেখতে প্রতি বছর দেশ-বিদেশের বহু মানুষ ভিড় জমান হুগলির এই শহরে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বৃহস্পতিবার দশমীতে ঐতিহ্যবাহী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। তার বদলে রবিবার সন্ধ্যা ৬টা থেকে বিসর্জনের শোভাযাত্রা শুরু হওয়ার কথা। যদিও শোভাযাত্রায় অংশ না নেওয়া কয়েকটি পুজো কমিটি রবিবার সকাল থেকেই ভাসান পর্ব শুরু করেছে। আর তার জন্য চন্দননগরে প্রায় ৫০ মিনিট বন্ধ রাখতে হয় ট্রেন চলাচল।
চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। স্টেশনের পূর্ব দিকে গঙ্গা থাকায় পশ্চিম প্রান্তের পুজো কমিটিগুলিকে প্রতিমা বিসর্জনের জন্য রেললাইন পার হয়ে যেতে হয়। প্রতিমার আকার বড় হওয়ায় সাবওয়ে দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে কাঁধে করে রেললাইন পার করেই প্রতিমা গঙ্গার দিকে নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল ১১টা নাগাদ চন্দননগরের সুভাষপল্লি উত্তরপাড়ার জগদ্ধাত্রী প্রতিমা একইভাবে কাঁধে তুলে রেললাইন পার করানো হয়। এই কাজ যথেষ্ট সময়সাপেক্ষ। তাই সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সুভাষপল্লি বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচা তৈরি করে তাতে দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে এগিয়ে যান। লাইন পার করে পূর্ব দিকে পৌঁছে প্রতিমাটিকে লরিতে তোলা হয়। নিরাপত্তার স্বার্থে ওই সময় কিছুক্ষণের জন্য ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রাখা হয়।
এই ভাসান দেখতে চন্দননগর স্টেশনে প্রচুর মানুষের সমাগম হয়। পরিস্থিতি সামাল দিতে শেওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষ মাইকে ঘোষণা করে সকলকে সতর্ক করেন। দুর্ঘটনা এড়াতে রেললাইন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, নিরাপত্তার জন্য দড়ি দিয়ে ঘিরে রাখা হয় রেললাইন সংলগ্ন এলাকা। প্রতিমা নিরাপদে লাইন পার হয়ে যাওয়ার পর ফের ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার সকালে চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দিরে স্থানীয় প্রশাসন ও সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৮০টি জগদ্ধাত্রী পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহও। ওই বৈঠকেই বিসর্জনের শোভাযাত্রার দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টা থেকে বিসর্জনের শোভাযাত্রা শুরু হবে এবং শোভাযাত্রা শেষ হওয়ার পর সোমবার প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
