Hashtagintro

সমানে সমানে লড়াই, এসিএল টু’র তৃতীয় ম্যাচেও জয় অধরা ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল: ০
আল সিব: ০

মঙ্গলবার রাতে ওমানের আল সিব স্টেডিয়ামে স্থানীয় ক্লাব আল সিবের বিরুদ্ধে নামার আগে বেশ ভালো ফর্মে ছিল ইস্টবেঙ্গল। আইএসএলের দুই ম্যাচে দুই জয়, গোলের ফুলঝুরি, জিততে না পারলেও এসিএল টু’র দুটি ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স। অন্যদিকে আল সিব খাতায়কলমে অন্তত গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ। লাল-হলুদ সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন হয়তো ওমান থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরবে ইস্টবেঙ্গল। কিন্তু তেমনটা হল না। আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই ঘরে ফিরছে লাল-হলুদ ব্রিগেড।

এতদিন র‍্যামিরেজ, এডমুন্ড, লোবাদের যেন অপ্রতিরধ্য মনে হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সেই ইস্টবেঙ্গল আক্রমণ ভাগকেই কেমন যেন মধ্যমানের মনে হল। মাঝমাঠে লাল-হলুদ শিবির বলের দখল একেবারে রাখতে পারেনি তা নয়, কিন্তু তাঁরা স্পষ্ট সুযোগ তৈরি করতে পারল না। প্রথমার্ধে বল দখলের লড়াই সমানে সমানে হলেও আক্রমণের নিরিখে কিছুটা এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে বারবার আটকে গেল লাল-হলুদ শিবির। উলটো দিকে কিছু সুযোগ তৈরি করে আল সিবও। ম্যাচের ১২ মিনিটে লাল-হলুদ গোলরক্ষক লাচেনপা দুর্দান্ত সেভ না করলে শুরুতেই পিছিয়ে পড়তে হত লাল-হলুদকে। আবার ম্যাচের ৩০ মিনিটে ভালো একটি সুযোগ পান ডেভিড। কিন্তু বক্সের ধার থেকে তাঁর শট আটকে দেন আল সিব গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা বেরিয়ে যায় ইস্টবেঙ্গলের হাত থেকে। এবার আক্রমনের ঝাঁজ বাড়ায় ওমানের ক্লাবটি। বলের দখলও বেশিরভাগ ছিল তাঁদের কাছে। শেষদিকে গোলরক্ষক লাচেনপা একাধিকবার ইস্টবেঙ্গলের ত্রাতা হিসাবে উঠে এসেছেন। অন্তত গোটা তিনেক কঠিন সেভ করতে হয়েছে লাল-হলুদ গোলরক্ষককে। অবশ্য ম্যাচের ৮০ মিনিটে একটা সহজ সুযোগ পেয়েছিলেন একে লোবাও। কিন্তু ৬ গজ দূর থেকেও বলটি গোলে রাখতে পারেননি তিনি। শেষমেশ খেলা শেষ হল গোলশূন্যভাবে।

এসিএল টু’র প্রথম দু’ম্যাচের পারফরম্যান্সের পর মঙ্গলবারের পারফরম্যান্স কিছুটা হতাশই করবে লাল-হলুদ সমর্থকদের। আল সিব গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ। তাঁদের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেলে পরের রাউন্ডে যাওয়ার পথ সুগম হত। এই ম্যাচ ড্র হয়ে যাওয়ায় ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানেই রইল লাল-হলুদ শিবির। তাঁদের পরের রাউন্ডে যাওয়ার পথ এবার বেশ দুর্গম।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language