সাহিত্য নিয়ে পড়াশোনা। তারপর পদার্পণ বিজ্ঞাপনের দুনিয়ায়। এবার কলকাতার প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের মুকুটে জুড়ল নতুন পালক। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (AAAI)-এ নতুন পদ পেলেন তিনি। নবগঠিত ইস্ট ইন্ডিয়া চ্যাপ্টারের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে স্ট্যান্ডার্ড পাবলিসিটির ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়কে।
নতুন দায়িত্বে পূর্ব ভারতের বিজ্ঞাপন শিল্পের বিকাশ, বিভিন্ন সংস্থার মধ্যে সহযোগিতা এবং নতুন প্রতিভাদের পরামর্শদানের উপর গুরুত্ব দিতে চান প্রিয়াঙ্কা। তাঁর মতে, আঞ্চলিক বিজ্ঞাপন সংস্থা ও ক্লায়েন্টদের জন্য সহযোগিতা এবং উদ্ভাবনের নতুন সুযোগ তৈরি করাই হবে এই চ্যাপ্টারের অন্যতম লক্ষ্য। ইংরেজিতে স্নাতকোত্তর প্রিয়াঙ্কা উইমেন ইকোনমিক ফোরামের ‘এক্সেপশনাল উইমেন অফ এক্সেলেন্স’ সম্মানে ভূষিত হয়েছেন। তিনি মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ক্যালকাটা চেম্বার অফ কমার্সের সঙ্গেও যুক্ত। AAAI-এর সভাপতি ড. সন্দীপ গোয়েল জানান, প্রিয়াঙ্কার নেতৃত্বে পূর্ব ভারতের বিজ্ঞাপন শিল্পের চাহিদা অনুযায়ী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, দেশের নানা প্রান্তে যত বিজ্ঞাপনী সংস্থা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরই সংগঠন অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই সংগঠনের কাজ মূলত প্রত্যেক বিজ্ঞাপনী এজেন্সির স্বার্থরক্ষায় কাজ করা। কীভাবে বিজ্ঞাপনের দুনিয়ায় আরও উন্নতি আনা যায়, পেশাদারদের স্বার্থ রক্ষা করা যায়-সেসব নিয়েও এই সংগঠনটি কাজ করে থাকে। সেখানেই এবার বড় দায়িত্ব পেলেন কলকাতার প্রিয়াঙ্কা।
