টালবাহানা টাকি পুরসভায়! আর্থিক বেনিয়মের একাধিক অভিযোগে সিআইডি তদন্ত করছে। এই আবহে তৃণমূলের পুরপিতার বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করল দলেরই ৯ কাউন্সিলর। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিবেচনার জন্য বিশেষ বৈঠক ডাকেন তাঁরা।
বৈঠকের জন্য পুরসভায় লিখিত আবেদন জমা দিলেন ৯ জন কাউন্সিলর। আবেদনপত্রে তাঁদের অভিযোগ, পুরসভায় আর্থিক অনিয়ম ক্ষমতার অপব্যবহার এবং নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার কারণে চেয়ারম্যানের উপর তাঁরা আর আস্থা রাখতে পারছেন না।
চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ওই ৯ কাউন্সিলরের দাবি, পুরসভার বিভিন্ন কাজের বরাত দেওয়া থেকে অনুমোদন ছাড়া তহবিলের অর্থ অন্য খাতে খরচ করেছেন পুরপিতা। পাশাপাশি জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, জল জমার সমস্যা, রাস্তার আলো এবং পানীয় জল পরিষেবার অবনতির অভিযোগও এনেছেন কাউন্সিলররা। শুধু আর্থিক অনিয়ম কিংবা নাগরিক পরিষেবার ব্যর্থতাই নয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ তুলেছেন কাউন্সিলররা। আবেদনপত্রে বিশেষ বৈঠক ডেকে অনাস্থা প্রস্তাবের উপর সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়েছে। আবেদনটির প্রতিলিপি উত্তর ২৪ পরগনার জেলাশাসক, বসিরহাটের মহকুমাশাসক ও টাকি পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছেও পাঠানো হয়েছে।
টাকি পুরসভায় নিয়ে টালবাহানা চলছেই। পুরসভার আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট সিআইডি তদন্তেরও নির্দেশ দিয়েছেন। তারই মধ্যে এবার চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই ৯ কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।
