Hashtagintro

১২-র কিশোরের হাতে ‘খুন’ পাঁচ বছরের শিশু, নৃশংসতার নেপথ্যে কোন কারণ?

খুনি নাবালক। মাত্র ১২ বছর বয়সে চরম নৃশংস আচরণ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পাঁচ বছরের শিশুকে ওই নাবালক খুন করেছে বলেই জানা গিয়েছে। অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের (Alipurduar) কুমারগ্রামে পশ্চিম চেংমারি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেকের ওই শিশুটি মঙ্গলবার আচমকাই নিখোঁজ হয়ে যায়। উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা। এরপর তিনি বুধবার সকালে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পরই শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অভিযোগ, খোঁজাখুঁজির সময় প্রতিবেশী বছর বারোর নাবালককে ধারালো অস্ত্র হাতে দেখতে পান শিশুটির মা। এরপর ওই নাবালককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরবর্তীতে পশ্চিম চেংমারি এলাকার নদীর ধার থেকে উদ্ধার হয় নিখোঁজ শিশুর দেহ। কী কারণে বছর বারোর ওই নাবালক শিশুটিকে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

দিনকয়েক আগে মুর্শিদাবাদের নওদায় মর্মান্তিক হত্যা কাণ্ড ঘটে। নওদা থানার বালি গ্রামের মধ্যমপাড়া এলাকায় ন’বছরের বালিকাকে খুনের অভিযোগ উঠল চোদ্দ বছরের কিশোরীর বিরুদ্ধে। খুনের পর দেহ চৌকির তলায় ঢুকিয়ে রাখা হয়। মৃতের পরিবারের লোকজনের দাবি, দেহ উদ্ধার হওয়ার সময় নাবালিকার গলা, কানে গয়না পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গয়নার লোভে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আলিপুরদুয়ারের ঘটনায় স্বাভাবিকভাবেই আঁতকে উঠছেন প্রায় সকলেই। কেন নাবালকেরা এমন নৃশংস কাজ করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মনোবিদদের মতে, অতিরিক্ত মোবাইল ব্যবহার-সহ একাধিক কারণেই ইদানীং শিশুরা নৃশংস হয়ে পড়ছে। আচরণে কোনও পরিবর্তন নজরে পড়লে মনোবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন বলেই মত তাঁদের।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language