রাস্তার ধারে নালা থেকে এক সদ্যোজাতকে তুলে হিঁচড়ে রাস্তায় এনে ছিঁড়ে খাচ্ছিল কুকুর! এই ঘটনায় বহরমপুরের (Berhampore) গোয়ালজান কাঠালতলা এলাকায় রীতিমতো হইচই পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনা দেখা মাত্রই পুলিশে খবর দেয় স্থানীয়রাই। এলাকা থেকে উদ্ধার করা হয় ক্ষতবিক্ষত সদ্যোজাতের দেহ।
এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, বুধবার কাকভোরে দুই মহিলা এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাঁদের হাতে একটি ক্যারিবাগ ছিল, সেটাই নালার কাছে রেখে যান তারা। ওই ব্যাগেই শিশুটিকে নিয়ে আসা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুটির দেহ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত ছিল। যার ফলে তার লিঙ্গও শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দুই মহিলাকে দেখা গেলেও তাদের মুখ স্পষ্ট ভাবে বোঝা যায়নি। অন্যদিকে শিশুটির পরিচয় নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে সদ্যোজাতের দেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ। কোথা থেকে এল, কে বা কারা ফেলে গেল, কী কারনে এই ঘটনা, শিশুটিকে যখন ফেলে যাওয়া হয়েছিল, তখন শিশুটি কি মৃত ছিল, নাকি জীবিত অবস্থাতেই এভাবে নালায় ফেলে যাওয়া হয়েছিল, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুই মহিলাকে শনাক্ত করারও চেষ্টা করছে পুলিশ।
