Hashtagintro

ফের আমেরিকায় হামলা বন্দুকবাজের, রেস্তরাঁর সামনে গুলিতে ঝাঁজরা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার

আমেরিকায় পড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের। মিসিসিপির একটি রেস্তরাঁর বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ১৮ বছরের কৃষ্ণ মহাত্মার। লন্ডনে জন্ম তাঁর। উচ্চশিক্ষার পাশাপাশি ফুটবল কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগেই আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তিনি। অকালেই ঝরে গেল সেই স্বপ্ন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ সতীর্থদের সঙ্গে জ্যাকসনের গ্রিন ঘোস্ট টাকোস রেস্তরাঁর বাইরে ছিলেন কৃষ। সেই সময় সেখানে এক মদ্যপের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। ক্রমে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে যায়। অভিযোগ, সেই সময় ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। তাতেই প্রাণ হারান কৃষ। এই ঘটনায় ড্যানি লুনা (২২) নামে এক যুবককে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কী কারণে ওই সংঘর্ষ, সে বিষয়ে এখনও জানায়নি তদন্তকারী সংস্থা।

জ্যাকসন পুলিশের প্রধান মার্ক মিলার বলেন, “এই গ্রেপ্তারি ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কোনও কিছুতেই মুছে দেওয়া সম্ভব নয়।” কৃষের পরিবার ও ঘনিষ্ঠদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। কোপিয়াহ-লিঙ্কন কমিউনিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন কৃষ। কলেজের ফুটবল দল কো-লিন উলভসের হয়ে খেলতেন তিনি। দলের হয়ে মোট ১৪টি ম্যাচে মাঠে নেমেছিলেন। গোলও করেছিলেন। তবে সেই গোলটি ছিল স্মরণীয়। সেপ্টেম্বরে ন্যাশনাল পার্ক কলেজের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে কৃষের গোলেই এসেছিল জয়সূচক মুহূর্ত।

তরুণ ফুটবলারের মৃত্যুতে শোকস্তব্ধ কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রেসিডেন্ট ডিওয়েন মিডলটন এক বিবৃতিতে বলেন, “প্রথম বর্ষের ফুটবলার কৃষ মহাত্মার মৃত্যুতে কোপিয়াহ-লিঙ্কন কমিউনিটি কলেজ গভীর ভাবে শোকাহত। কৃষ্ণকে তাঁর সতীর্থরা এবং কো-লিন পরিবারের প্রত্যেক সদস্য মিস করবেন।” আমেরিকায় আসার আগে ইংল্যান্ডে ওয়াটফোর্ড ‘এ’ দলের হয়ে খেলেছেন কৃষ। পোস্ট-১৬ কমিউনিটি অ্যান্ড এডুকেশন ফুটবল অ্যালায়েন্স লিগে তাঁর খেলার অভিজ্ঞতা ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তাঁকে দলে নিয়েছিল কো-লিন উলভস। সে সময় স্বাগত জানিয়ে দলের তরফে লেখা হয়েছিল, ‘ওয়েলকাম টু দ্য উলফপ্যাক, কৃষ্ণ।’ 

উল্লেখ্য, নভেম্বরের শুরুতেও আমেরিকার আলাবামা প্রদেশের বার্মিংহামে এক ফুটবল ম্যাচের পর গোলাগুলির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একজনের মৃত্যু ও ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। আর এবার মার্কিনভূমে বন্দুকবাজের হামলায় অকালে ঝরে গেল ফুটবলারের প্রাণ। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার কৃষের মৃত্যুর ঘটনায় তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language