বিয়েতে মেয়ের পরিবারের কাছ থেকে থার গাড়ি চেয়েছিলেন পাত্র পক্ষ। পাটিপত্রের দিন আচমকা এই দাবি জানান তাঁরা। তখন মেয়ের বাড়িতে পাটিপত্রের আয়োজন প্রায় শেষ। পাত্রের পরিবারের সকলেই হাজির হয়েছেন বাড়িতে। চলছে খাওয়াদাওয়া পর্ব। সেই মুহূর্তে হবু জামাইয়ের পরিবারের তরফে থারের দাবি শুনে হতভম্ব হয়ে যান পাত্রীর পরিবার। যদিও নিজেদের কিছুটা সামলে সেইদিনই পাত্রপক্ষের দাবি পূরণ করার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে আসল নয়, দোকান থেকে একটি প্লাস্টিকের গাড়ি কিনে এনে ধরিয়ে দেন পাত্রের বাবার হাতে। উত্তরপ্রদেশের মিরাটের সোলানা গ্রামে এই ঘটনাটি ঘটে।
শনিবারের এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পণপ্রথার বিরুদ্ধে পাত্রীপক্ষের মোক্ষম জবাবের প্রশংসা করছেন নেটিজেনরা। জানা গিয়েছে, পাঁচ মাস আগে জ্ঞানপুর গ্রামের এক যুবকের সঙ্গে সোলানা গ্রামের এক যুবতীর বিয়ে ঠিক হয়। দেখাশোনা করেই তাঁদের বিয়ের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। শনিবার ছিল পাটিপত্র অনুষ্ঠান। মেয়ের বাড়ি সোলানা গ্রামেই পাটিপত্রের আসর বসে। সেই মতো শনিবার ছেলের পরিবারের লোকজন হাজির হন পাত্রীর বাড়িতে। মেয়ের বাড়িতে দাঁড়িয়েই ছেলের বাবা জানান, বিয়েতে ছেলেকে একটি থার গাড়ি দিতে হবে। গুরুত্বপূর্ণ এই দিনে ছেলের বাড়ির তরফে আচমকা এই দাবিতে মেয়ের বাড়ির লোক অবাক হয়ে যান। কিন্তু সেই সময় কিছুই বলেননি তাঁরা। সন্ধ্যায় ছেলের বাড়ির লোকজন যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখনই ঘটে এক আজব ঘটনা। একটি খেলনা গাড়ি ছেলের বাবার হাতে ধরিয়ে দেন মেয়ের পরিবারের সদস্যরা। পাশাপাশি বিয়েও ভেঙে দেন তাঁরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হলুদ রঙের খেলনা গাড়ি ছেলের বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে। সেই সময় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আপনাদের মানুষের দরকার নেই, আপনাদের গাড়ির প্রয়োজন। আপনাদের আমরা সেটাই দিলাম।” এই ঘটনার পরই মেয়ের পরিবার বিয়ে ভেঙে দেন।
