কলকাতা-হাওড়ার পর একে একে রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতেও নির্বাচন হতে চলেছে। তার আগে শিলিগুড়ি থেকে পুরভোট নিয়ে বিরোধীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ব্লিচিং-ফিনাইল দিয়ে কলকাতা ও হাওড়া সাফ করে তারপর শিলিগুড়িতে ঢুকে পড়ব।” এর পাশাপাশি ফের একবার উত্তরবঙ্গের গুরুত্ব মনে করিয়ে দেন তিনি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়নের জন্য একগুচ্ছ ঘোষণাও করেন শুভেন্দু।
মঙ্গলবার শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ কর্মসূচিতে উপস্থিত শিলিগুড়িতে মিছিল করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ আরও অনেকে। মিছিলের পর আয়োজিত সভা থেকে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পুরভোটে জয়ের বার্তা দেন। উত্তরবঙ্গের গুরুত্বের কথা মনে করিয়ে তিনি বলেন, “৬ মাসে ১০ বার উত্তরবঙ্গে এসেছি। উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ নয়। বিজেপিকে যদি প্রথম কেউ জায়গা দিয়ে থাকে তা হল দার্জিলিং। প্রথম এমপি দিয়েছে। কাজ দিয়ে ভরিয়ে দেব।” শুভেন্দু জানিয়ে দেন, রায়গঞ্জে এইমস হলে, জলপাইগুড়িতে ক্যান্সার হাসপাতাল, বালুরঘাট, আলিপুরদুয়ার, কালিম্পঙে মেডিক্যাল কলেজ হবে। বাদ যাবে না শিলিগুড়িও। আইআইটি বা আইআইএম গড়ার জন্য জায়গা দেখার কাজ চলছে।
মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে আরও উন্নয়ন হবে। পর্যটনে উন্নতি আসবে। উত্তরবঙ্গে রেলেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। এনজেপি স্টেশন অমৃতভারত স্টেশন হয়েছে। বন্দেভারত চলছে। আগামী বছরের এপ্রিল মে মাসে হাসিমারা বিমানবন্দর উদ্বোধন হবে। তারপর কলাইকুন্ডা, বালুরঘাটেও এয়ারপোর্ট উদ্বোধন হবে। পরের বছর মালদায় বিমানবন্দর নির্মাণের জন্য প্রস্তুতি শুরু হবে। তিনি আরও জানান, গঙ্গা ভাঙন রোখার জন্য দিল্লিতে গিয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের ২১টি চা বাগানে তালা লাগিয়েছিলেন। তার মধ্যে একটি মঙ্গলবার তিনি খুলে দিয়েছেন। আরও ২০টি চা বাগান খোলার অঙ্গীকার করেন শুভেন্দু।
শিলিগুড়ির সভা থেকে শুভেন্দু জানান, সরকারে আসার পর তিনটি পরীক্ষায় বসেছে সরকার। ফলতা, নন্দীগ্রাম ও রেজিনগর। তিনটি পরীক্ষাতেই পাশ করেছে বিজেপি। এবার কলকাতা-হাওড়া পুরভোটে জিতবে দল। তারপর ফেব্রুয়ারিতে শিলিগুড়ি পুরভোটেও জয়ী হবে। তাঁর কথায়, “নন্দীগ্রাম, রেজিনগর, ফলতায় যা হয়েছে কলকাতাতেও তাই হবে, ফেব্রুয়ারি মাসে শিলিগুড়িতেও হবে।”