নিউজিল্যান্ডে নয়া পরীক্ষা। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। বিদেশের মাটিতে তার প্রস্তুতি শুরু হচ্ছে কিউয়ি সিরিজ দিয়েই। ফিরছেন রোহিত শর্মা-বিরাট কোহলিও। চোট-আঘাতের কিছু সমস্যা থাকলেও মোটামুটি পূর্ণশক্তির দল নিয়েই নামবে ভারত। কীরকম হবে ব্যাটিং অর্ডার? কারা প্রথম একাদশে থাকবেন? অকল্যান্ডে প্রথম ওয়ানডের আগে সেকথা জানিয়েই দিলেন শুভমান গিল।
পরিকল্পনা সহজ- ওপেন করবেন গিল ও রোহিত। তিনে কোহলি। চারে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। যিনি আবার শেষ দু’টি ওয়ানডেতে নেতৃত্ব দেবেন। তবে মিডল অর্ডারে কিছু অদলবদল আসতে পারে। গিল বলছেন, “প্রথম চারে কোনও বদল নেই। সেখানে সবাই ডানহাতি। তবে ৫ ও ৬ নম্বর জায়গাটায় কিছু বদল করা হতে পারে। সেখানে একজন বাঁহাতি দরকার। পরিস্থিতি অনুযায়ী অক্ষর প্যাটেল আগে যেতে পারে। কিংবা কেএল রাহুলও আগে যেতে পারে।”
তারপর কারা? সেটা খোলসা করেননি গিল। তবে এটা ঠিক যে, হার্দিক পাণ্ডিয়া দলে থাকলে তিনি সুযোগ পেতেন। চোটের জন্য বাইরে বহুদিন মাঠের বাইরে। কবে ফিরবেন? এখনও কেউ জানেন না। তবে টিম ইন্ডিয়ায় ফেরার আগে তাঁকে একটি পেরোতে হবে। সেটা হল ঘরোয়া ক্রিকেট। গিল সাফ জানিয়ে দিয়েছেন, “হার্দিক দারুণ অলরাউন্ডার। ওর মতো প্রতিভা বিশ্বে কারও নেই। ওকে বোলার হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। নতুন বল হোক বা পুরনো বল, সবেতেই স্বচ্ছন্দ।”
গিলের সংযোজন, “চোট পাওয়া দুর্ভাগ্যজনক। আইপিএলের পর থেকে আর খেলেনি। আশা করি ও দ্রুত মাঠে ফিরবে। ওকে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। আশা করছি, তাড়াতাড়ি ওকে জাতীয় দলে পাব।” কবে? হার্দিকের কাছে সুযোগ নভেম্বর-ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি। তার মধ্যে কি ফিট হতে পারবেন হার্দিক?