একটাই লক্ষ্য, একটাই অভ্যাস – ‘শৃঙ্খলা’। শাসনক্ষমতায় আসার পর যেন দলীয় শৃঙ্খলা ক্রমশ আলগা হচ্ছে। বিজেপির একেকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক জনবিরোধী কাজের অভিযোগের যেন পাহাড় জমছে। আর সেসব রুখে দলকে কঠোর শৃঙ্খলায় বাঁধতে ততোধিক বদ্ধপরিকর শীর্ষনেতারা। এবার দলের বিধায়ককে পাশে দাঁড় করিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্পষ্ট বার্তা, বিধায়কের বিচ্যুতি দেখলে যেন তাঁকে জানানো হয়। রবিবার নিউটাউনের ইকো পার্কে উৎসব পরবর্তী মিলন অনুষ্ঠানে বিধায়ক পীযূষ কানোরিয়াকে জনতার সামনেই এভাবে সতর্ক করলেন বিজেপি রাজ্য সভাপতি।
রবিবার ইকো পার্কে বিজয়া ও দীপাবলির মিলন উৎসবের আয়োজন করেছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া। আমন্ত্রিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শমীক বলেন, ‘‘এই বিধায়ক আপনাদের পাশে আছে, সঙ্গে আছে। কিন্তু এদিক-ওদিক করলে, কোনও বিচ্যুতি দেখতে পেলে আমাকে জানান, আমাদের জানান।”
ছাব্বিশের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তাপস রায়কে পরাজিত করেন বিজেপির পীযূষ কানোরিয়া। তারপর থেকে অবশ্য তাঁর বিরুদ্ধে এলাকায় ব্যাপক তোলাবাজির অভিযোগ ওঠে। তা শীর্ষ নেতৃত্বের কাছেও জমা পড়েছে। আর তাই সুযোগ পেয়ে জনসমক্ষেই বিধায়ককে সতর্ক করলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার ইকো পার্কে বিজয়া ও দীপাবলির মিলন উৎসবের আয়োজন করেছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া। আমন্ত্রিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শমীক বলেন, ‘‘এই বিধায়ক আপনাদের পাশে আছে, সঙ্গে আছে। কিন্তু এদিক-ওদিক করলে, কোনও বিচ্যুতি দেখতে পেলে আমাকে জানান, আমাদের জানান।” শমীকের এই বক্তব্যেই স্পষ্ট, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিদ্ধ বিধায়কও তাঁর শ্যেন নজরে। ছাড় নেই কারও।
গত সপ্তাহে কলকাতায় এসে সল্টলেকের দলীয় কার্যালয়ে পার্টির ‘ক্লাস’ নিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। দলের শৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রে কঠোর নিয়মের কথা বারবার মনে করিয়েছেন। এমনকী মন্ত্রী-বিধায়কদেরও রেয়াত করা হবে না, সেই বার্তাও দেওয়া হয়েছে। রবিবার বিধায়ক পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়ে শমীক সেই বার্তাই আরও স্পষ্ট করে দিলেন। শাসকদল বলেই যা ইচ্ছে তাই করা যাবে না, জনপ্রতিনিধিকেও শাস্তির মুখে পড়তে হতে পারে।
