ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। রাতের অন্ধকারে বাড়ির সামনে এসে দাঁড়াল একটি গাড়ি। সেখান থেকে পুলিশের উর্দি গায়ে নামলেন বেশ কয়েকজন। প্রত্যেকে নিজেদের সিআইডি বলে দাবি করেন। বাড়িতে ঢুকেই মূল প্রবেশপথ বন্ধ করে দেয়। মোবাইলও কেড়ে নেওয়া হয়। চলে দেদার লুটপাট। এরপর ঘটনাস্থল ছেড়ে চলে যায় পুলিশ পরিচয় দেওয়া লোকজনেরা। ততক্ষণে অবশ্য বাড়িতে থাকা টাকা, গয়না লুট হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়াঘাট রেলস্টেশন লাগোয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গৃহকর্তা ওই এলাকারই বাসিন্দা রবিউল শেখ। জানা গিয়েছে, তিনি মুদি ব্যবসায়ী। তাঁর দাবি, রবিবার রাতে তাঁর বাড়ির সামনে একটি চারচাকা গাড়ি এসে দাঁড়ায়। এরপর ওই গাড়ি থেকে পুলিশের পোশাক পরা এবং সিভিল ড্রেসে থাকা ৬-৭ জন নামে। তারা বাড়িতে ঢোকে। অভিযোগ, বাড়িতে ঢোকার পর মেনগেট তালা বন্ধ করে দেয়। মোবাইল কেড়ে ভেঙে দেওয়া হয়। এবং বাড়িতে লুটপাট চালায়। গৃহকর্তার দাবি, বাড়ি থেকে প্রায় নগদ ৭ লক্ষ টাকা চুরি করে। এছাড়া ৫০ গ্রামেরও বেশি সোনা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
এই ঘটনায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন গৃহকর্তা রবিউল শেখ। অভিযোগ দায়ের করার পরই পুলিশ ওই মুদি ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয়। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী রবিউল শেখের বাড়ি থেকে কিছুটা দূরে বেশ কয়েকটি ভাঙা মোবাইল পাওয়া গিয়েছে। কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এই ঘটনার নেপথ্যে ব্যবসায়ীর পরিচিত কেউ থাকতে পারে। অভিযুক্তদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
