Hashtagintro

গ্রেপ্তার টুলু ‘ঘনিষ্ঠ’ অবসরপ্রাপ্ত ডেপুটি জেলা ভূমি আধিকারিক, কবে দেশে ফিরবেন ‘পাথরসম্রাট’?

বীরভূমের বহুচর্চিত টুলু মণ্ডল (Tulu Mondal) কাণ্ডে তদন্তে ফের বড়সড় পদক্ষেপ পুলিশের। এবার এই মামলায় গ্রেফতার হলেন অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। ধৃতের নাম রবিউল ইসলাম। তিনি একসময় বীরভূমের ডেপুটি জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দায়িত্ব সামলেছেন। চলতি বছরই তিনি অবসর গ্রহণ করেন। রবিবার গভীর রাতে রামপুরহাট মহকুমা এলাকার মাড়গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাঁকে সিউড়ি আদালতে পেশ করার কথা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে কেন্দ্র করে জমি সংক্রান্ত এই বিতর্কিত মামলায় তদন্তের পর গত ১৩ অক্টোবর সিউড়ি আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সেখানে মোট ১২ জনের নাম উল্লেখ করা হয়েছিল। তাঁদের মধ্যে মূল অভিযুক্ত টুলু মণ্ডল ছাড়া বাকি ১১ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। সেই তালিকাতেই নাম ছিল রবিউল ইসলামের। এতদিন তাঁকে গ্রেপ্তার করা না গেলেও রবিবার রাতে অভিযান চালিয়ে তাঁর সন্ধান পায় পুলিশ।

বলে রাখা ভালো, এই মামলায় এর আগেও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একাধিক আধিকারিকের নাম জড়িয়েছে। গত ৪ অক্টোবর মহম্মদবাজার ব্লকের তৎকালীন বিএলআরও সব্যসাচী মণ্ডলকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। পরে তাঁকে আদালতে পেশ করে জেল হেফাজতে পাঠানো হয়। এবার সেই মামলাতেই অবসরপ্রাপ্ত ডেপুটি জেলা ভূমি আধিকারিক রবিউল ইসলামের গ্রেপ্তারি তদন্তে নতুন মাত্রা যোগ করল।পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে জমি সংক্রান্ত এই মামলায় প্রশাসনিক স্তরের একাধিক আধিকারিকের নাম উঠে আসায় শুরু থেকেই বিষয়টি নিয়ে চর্চা চলছে। চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের একে একে গ্রেফতার করার পাশাপাশি তদন্তের পরিধিও বাড়াচ্ছে পুলিশ।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language