Hashtagintro

‘নিষ্কর্মা’ পোস্টার হাওড়ায়, নয়া অস্বস্তিতে সাংসদ প্রসূন

এবার হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। বুধবার সকালে হাওড়া ময়দান চত্বর, হাওড়া আদালত চত্বর ও বালিতে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে ‘নিখোঁজ’ বলে পোস্টার পড়ল। সমাজবাদী পার্টির তরফে এই পোস্টার ফেলা হয়। নিখোঁজ বলে পোস্টারে লেখা হয়, ‘‘সবথেকে নিষ্ক্রিয় এবং নিষ্কর্মা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই।’’

এছাড়াও বিভিন্ন জায়গায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে ফেলা পোস্টারে বিভিন্নরকম লেখা হয়েছে। যেমন কোনও পোস্টারে লেখা হয়েছে, ‘‘প্রসূনবাবু সুযোগ-সুবিধা নিয়েছেন তাহলে জনগণকে কেন বঞ্চিত করছেন? অবিলম্বে ইস্তফা দিন।’’ কোথাও আবার অন্য পোস্টারে লেখা হয়, ‘‘ও প্রসূনবাবু আপনি তো রাজনীতি ছেড়েছিলেন। সাধারণ মানুষের ভোটে জিতেছেন তো সাধারণ মানুষের কী হবে? তাদের সেবা কে করবে? অবিলম্বে আপনাকে পদত্যাগ করতে হবে।’’

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে নিখোঁজ পোস্টার। নিজস্ব চিত্র

এই পোস্টার প্রসঙ্গে সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি শ্রীকান্ত ঘোষ বললেন, ‘‘আমরাই দলের তরফে হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার দিয়েছি। প্রসূনবাবু কিছুদিন আগে প্রিয়রঞ্জন দাসমুন্সির স্মরণসভায় গিয়ে বলেছিলেন, তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন। উনি যদি রাজনীতি ছেড়ে দিয়ে থাকেন তাহলে উনি সাংসদ পদ থেকে পদত্যাগ করুন। রাজনীতির নামে মানুষের ভোটে জিতে এসে সাংসদ হিসেবে সব সুযোগসুবিধা নিচ্ছেন অথচ হাওড়ার সাধারণ নাগরিকদের জন্য কোনও কাজ করছেন না এটা চলতে পারে না। ওঁর পদত্যাগের দাবিতেই আমরা দলের তরফে হাওড়া জেলাজুড়ে পোস্টার সাঁটিয়েছি।’’ এ প্রসঙ্গে জানতে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language