Hashtagintro

বিরোধী দলের মর্যাদা দিতে দুই তৃণমূলকে ডাকতে পারেন অধ্যক্ষ , আরও বেশি শক্তি নিয়ে ‘তৈরি’ ঋতব্রতরা

বিধানসভায় বিরোধী দলের মর্যাদা কে পাবে তার বিচার করতে তৃণমূল শিবিরের দুই পক্ষকে ডাকতে পারে অধ‌্যক্ষের সচিবালয়। শুক্রবার নিজেদের রায়ে হাই কোর্ট জানিয়েছে, অধ‌্যক্ষ রথীন্দ্র বসুকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। সূত্রের খবর, নতুন করে জটিলতা এড়াতে সরাসরি বিরোধী দল হিসাবে তৃণমূলের দুই শিবিরকে ডেকে তাদের সংখ‌্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দিতে পারে অধ‌্যক্ষের সচিবালয়। ৪ ডিসেম্বর শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার দু’দিন আগে পরপর সর্বদল ও বিএ কমিটির বৈঠক। ফলে বিরোধী দলের মর্যাদা কে পাবে তা ঠিক করতে বিধানসভার সচিবালয়ের হাতে থাকবে মাত্র দু’দিন। ফলে সোমবার ৩০ নভেম্বর অথবা তারপর দিন ১ ডিসেম্বর– এই দুটি দিন বিরোধী দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

কালীঘাট তৃণমূল শিবিরের দাবি, বিষয়টা এতটাও সহজ নয়। সেই শিবিরের তরফে যাঁকে বিরোধী দলের নেতা মনোনীত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ে, সেই শোভনদেব চট্টোপাধ‌্যায় রায়ের কপি দেখিয়ে বলেছেন, “এখানে শক্তি পরীক্ষার কোনও জায়গা নেই। কারণ হাই কোর্ট স্পষ্ট বলেছে, গত জুন মাসে তৃণমূলনেত্রীর নির্দেশে যে চিঠি অধ‌্যক্ষকে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বকেই ডেকে বিরোধী দলের মর্যাদা দিতে হবে। হাই কোর্ট এখানেই অধ‌্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁ ভূমিকা পক্ষপাতদুষ্ট বলেছে। এটা বিধানসভার ইতিহাসে, পরিষদীয় রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক।” সেক্ষেত্রে শক্তি পরীক্ষার পথে যদি অধ‌্যক্ষ যান এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যদি তাঁদের পক্ষে বিরোধী দল হিসাবে সর্বোচ্চ সমর্থন দেখাতে পারেন তারপরও আইনের দরজা খোলা থাকছে বলে মনে করিয়ে দিয়েছেন শোভনদেববাবু।

বিরোধী দলের নেতা কে হবেন তা নির্বাচন করে যে দলের কাছে বিরোধী বিধায়কদের সব থেকে বেশি সদস‌্য রয়েছে তারা। তাতেই সিলমোহর দেন বিধানসভার অধ্যক্ষ। রীতি অনুযায়ী তার জন্য অধিবেশন ডেকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচনের দরকার হয় না। অধ্যক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পরিষদীয় দপ্তর সূত্রে এক্ষেত্রে একটি কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। আগেরবার বিরোধী দলনেতা বাছাইয়ের সময় তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব ছিল। কিন্তু এখন তৃণমূল বলে কোনও দলের অস্তিত্ব বিধানসভায় নেই। এক্ষেত্রে দুই তৃতীয়াংশ সমর্থনের যে চাপ ঋতব্রত শিবিরের ছিল তা এবার থাকছে না। ফলে বিরোধী দলনেতা বাছাই করা অধ্যক্ষের পক্ষে সহজ হবে। যাঁদের দিকে পাল্লা ভারি তাঁরাই প্রধান বিরোধী দল হবে। এখানেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ঋতব্রতরা। তাঁর বক্তব‌্য, এখানে তাঁর বা তাঁদের গণতান্ত্রিক তৃণমূলের পক্ষে কোনও কিছু করার নেই। পুরোটাই অধ‌্যক্ষ বা কোর্টের বিষয়। তাঁর কথায়, “অধ‌্যক্ষ চাইলে কোর্টের রায়ের পর ডিভিশন বেঞ্চে যাতে পারেন অথবা কোর্ট যা বলেছে সেই অনুযায়ী অন‌্য পক্ষের সঙ্গে আমাদেরও ডেকে সংখ‌্যাগরিষ্ঠতার প্রমাণ চাইতে পারেন। আর সেটা চাইলে আগেরবারের থেকে বেশি শক্তি নিয়ে হাজির হব।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language