Hashtagintro

‘রামো বিগ্রহবান্ ধর্মঃ’, দীপাবলিতে রামবন্দনায় মগ্ন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কানেরিয়া

দীপাবলির আনন্দে মাতলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। সোশাল মিডিয়ায় পোস্ট করে দেশ-বিদেশের সকলকে আলোর উৎসবের শুভেচ্ছা জানালেন তিনি। পাশাপাশি তিনি স্মরণ করলেন শ্রীরামকে। রামায়ণের বাণীও উদ্ধৃত করেছেন প্রাক্তন এই লেগ স্পিনার। 

এক্স হ্যান্ডলে নিজের পোস্টে কানেরিয়া লিখেছেন, ‘শ্রীরামের সমগ্র জীবন আমাদের এই শিক্ষাই দেয়, মানুষের প্রকৃত শক্তি তার ক্ষমতা বা প্রতাপে নয়, বরং ধর্ম, বিনয় ও দয়ার মধ্যেই তার আসল পরিচয়।’ এর সঙ্গে ‘রামো বিগ্রহবান্ ধর্মঃ’ শ্লোকটি উল্লেখ করেন তিনি। অর্থাৎ, শ্রীরাম স্বয়ং ধর্মের মূর্ত প্রতীক। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশে তাঁর শুভেচ্ছা, সকলের জীবন ন্যায়, ধর্ম ও সত্যের আলোয় আলোকিত হয়ে উঠুক।

পাকিস্তানের মতো দেশে সংখ্যালঘু হিন্দু পরিবার থেকে উঠে এসে জাতীয় দলের জার্সি পরা যে সহজ ছিল না, তা একাধিকবার জানিয়েছেন কানেরিয়া। উইকেটকিপার অনিল দলপতের পর দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসাবে পাকিস্তানের জাতীয় দলের জার্সি পরেছিলেন তিনি। দেশের হয়ে ৬১টি টেস্ট খেলেছেন। ঝুলিতে রয়েছে ২৬১টি উইকেট। পাকিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল লেগ স্পিনার তিনি। তবে একরাশ তিক্ত অভিজ্ঞতার সামনেও পড়েন তিনি। অবসরের পর একাধিকবার সেই আক্ষেপের কথা প্রকাশ্যে এনেছেন কানেরিয়া। প্রাক্তন সতীর্থ শোয়েব আখতারের বিস্ফোরক মন্তব্যের পর সামনে এসেছিল তাঁর সঙ্গে ড্রেসিংরুমে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। হিন্দু হওয়ার কারণে দলের কয়েকজন সতীর্থ তাঁর সঙ্গে একই টেবিলে বসে খেতেও চাইতেন না বলে অভিযোগ করেছিলেন তিনি।

সেই প্রতিকূলতা কানেরিয়ার ধর্মীয় বিশ্বাসকে দমিয়ে রাখতে পারেনি। দীপাবলি, হোলি থেকে অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা– হিন্দুদের বিভিন্ন ধর্মীয় উৎসবে সোশাল মিডিয়ায় নিয়মিত নিজের মত প্রকাশ করেছেন তিনি। নিজ বিশ্বাসের কথা বলার জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে একাধিকবার হেনস্তার মুখেও পড়তে হয়েছে বলে জানা যায়। তবে ধর্মীয় পরিচয় এবং বিশ্বাস নিয়ে বরাবরই সরব কানেরিয়া। দীপাবলির শুভেচ্ছাবার্তাতেও সেই প্রমাণ দিলেন তিনি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language