এ যেন হাটে হাঁড়ি ভাঙা! স্বাস্থ্য দপ্তরের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলটরি কমিশন পরিদর্শনে যেতেই বর্ধমান (Bardhaman) শহরের বেসরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবিটা একেবারে প্রকাশ্যে চলে এল। নেই ন্যূনতম নিয়মকানুনের বালাই, রোগী নিরাপত্তায় বিন্দুমাত্র বিধিও। বহুতল ভবনে ঝাঁ চকচকে সাইনবোর্ড, মাল্টিস্পেশালিটি পরিষেবার নামে বিজ্ঞাপনের আড়ালে বেনিয়মের ছড়াছড়ি। প্রাক্তন বিচারপতি তথা রেগুলটরি কমিশনের চেয়ারম্যান বিশ্বজিৎ বসু নিজে রোগী সেজে বেনিয়ম হাতেনাতে ধরলেন! তিনি দেখেন, নামে ডায়গনোস্টিক সেন্টার হলেও রক্ত বা অন্য কোনও পরীক্ষা একেবারেই ঠিকমতো হয় না। ফলে রিপোর্ট আসে উলটোপালটা। এমন বেআইনি ব্যবসার রমরমা দেখে দুটি নার্সিংহোম পুরোপুরি বন্ধের নির্দেশ দিলেন বিশ্বজিৎ বসু।
কমিশনের সদস্যরা মঙ্গল ও বুধবার শহরের বিভিন্ন ডায়গনস্টিক সেন্টার, হাসপাতাল, নার্সিংহোমে অভিযান চালান রেগুলেটরি কমিশনের সদস্যরা। দুটি ডায়গনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, এসব জায়গায় কর্মীরা রক্ত পরীক্ষা নিয়ে মনগড়া রিপোর্ট দিচ্ছেন। একটি ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অনিয়ম ধরা পড়ায় বেশ কয়েকটি ডায়গনস্টিক সেন্টার ও নার্সিংহোমকে সতর্ক করা হয়েছে।
বুধবার সকালে কমিশনের চেয়ারম্যান বিশ্বজিৎ বসুর নেতৃত্বে শহরের ‘ডাক্তারপাড়া’ বলে পরিচিত খোসবাগান এলাকায় পরিদর্শনে যান সদস্যরা। তদন্তকারী দলের এক সদস্য পরিচয় গোপন করে নিজের রক্ত পরীক্ষার জন্য দেন। এক ঘন্টা পরে তার রিপোর্টও দেওয়া হয়। ৩ দিন আগে কলকাতার একটি নামী প্যাথলজি ল্যাব থেকে পাওয়া রিপোর্টের সঙ্গে তার আকাশপাতাল পার্থক্য।
বুধবার সকালে কমিশনের চেয়ারম্যান বিশ্বজিৎ বসুর নেতৃত্বে শহরের ‘ডাক্তারপাড়া’ বলে পরিচিত খোসবাগান এলাকায় পরিদর্শনে যান সদস্যরা। তদন্তকারী দলের এক সদস্য পরিচয় গোপন করে নিজের রক্ত পরীক্ষার জন্য দেন। এক ঘন্টা পরে তার রিপোর্টও দেওয়া হয়। ৩ দিন আগে কলকাতার একটি নামী প্যাথলজি ল্যাব থেকে পাওয়া রিপোর্টের সঙ্গে তার আকাশপাতাল পার্থক্য। কমিশনের সদস্যরা কর্মীদের চেপে ধরতেই আসল কারণ প্রকাশ পায়। কোনও প্যাথলজিস্ট ছিলেন না। তাই অনুমানে মনগড়া রিপোর্ট তৈরি করে দেয় কর্মীরাই। কমিশনের অন্যতম সদস্য চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এমন একটা টেস্ট যার ৩ দিনে কোনও হেরফের হবে না। এখানে সেটা করানোর পরে যে রিপোর্ট এল, সেটা দেখেই অবাক হয়েছি আমরা। পরে অবশ্য ওই ল্যাবের লোকেরা স্বীকার করেছে মনগড়া রিপোর্ট করে দিয়েছে। ল্যাবগুলোর অবস্থা আরও খারাপ। কোথাও কোনও আধুনিক মানের মেশিন নেই। যা আছে সেগুলো দিয়ে রিপোর্ট হয় না।”
এদিন কমিশনের অভিযান শুরু হতেই বহু ডায়গনস্টিক সেন্টার আগেভাগেই ঝাঁপ বন্ধ করে দেয়। কমিশনের সদস্যরা যেখানেই গিয়েছে সেখানেই অনিয়ম ধরেছেন। বিশ্বজিৎ বসু বলেন, ‘‘অর্ধেকের বেশি ল্যাবের লাইসেন্সই নেই। জেমস ডায়গনস্টিস নামে একটি ল্যাবে ঢুকে তো আমরাই অবাক হয়ে গিয়েছি। আমরা ওখানে রোগী সেজে গিয়ে রিপোর্ট করাই। পরে সেই রিপোর্টের সঙ্গে পুরনো রিপোর্টের কোন মিল নেই। এই রিপোর্ট নিয়ে কিভাবে ডাক্তারবাবুরা চিকিৎসা করবেন? ওর নামে এফআইআর করার কথা বলা হয়েছে। সিএমওএইচের অফিস থেকেই তা করা হবে।” তিনি উষ্মাপ্রকাশ করে জানান, দুশো মিটারের মধ্যে ২০টা করে প্যাথোলজি সেন্টারের অনুমতি কে দিল, কীভাবে দিল? এদিন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা কয়েকটি বেসরকারি হাসপাতালে গিয়ে নানা অসঙ্গতি খুঁজে পান। সমস্ত কিছু খতিয়ে খুঁটিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলে গিয়েছেন কমিশনের সদস্যরা। এরপরেও না বদল হলে পরবর্তী ব্যবস্থা নেবে স্বাস্থ্যদপ্তর।
