এক ছোঁয়াতেই ভাগ্য বদল! আর সেই ‘লাকি টাচ’-এর জন্য যদি পঁচিশ লক্ষ টাকা খসাতে হয়? এমন প্রশ্নেই সরগরম সোশাল মিডিয়া। নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’ (The Royals Season 2) সিরিজের সঙ্গে যুক্ত একটি অনুষ্ঠানে ভূমি পেড়নেকরের সঙ্গে ওরি-র ছবি প্রকাশ্যে আসতেই শুরু তুমুল বিতর্ক। সেলিব্রিটিদের সঙ্গে ‘সিগনেচর পোজ’ (বিশেষ ভঙ্গিতে ছবি)-এ ছবি তোলার জন্যই পরিচিত ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। তারকাদের বুকে হাত রাখার সেই চেনা ভঙ্গিতে এবার আলোচনার কেন্দ্রে ভূমি।
অভিনেত্রীর বুকে হাত রেখে পোজ নিয়ে সমালোচনার পাশাপাশি ফের চর্চায় পারিশ্রমিক সংক্রান্ত বিষয়টিও। এধরনের ছবি ওরির সোশাল মিডিয়া উপস্থিতির অন্যতম বৈশিষ্ট্য সে কথা আজ আর আলাদা করে বলার অবকাশই রাখে না। তবে সাম্প্রতিক ছবিগুলিতে আপত্তি জানিয়েছেন নেটাগরিকের একাংশ। অনেকেই প্রশ্ন তুলেছেন, সেলিব্রিটিরা কেন তাঁকে এভাবে বুকে হাত রাখতে প্রশ্রয় দেন?
সাম্প্রতিক অতীতে ওরি প্রকাশ্যে বলেছিলেন, মোটা অর্থের বিনিময়েই এই বিশেষ পোজের জন্য রাজি হন এবং বিভিন্ন অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করেন। ওরির সেই মন্তব্যগুলি হয়ে উঠেছিল নেটভুবনের চর্চিত বিষয়। জনপ্রিয়তা অর্জনের জন্য ওরির হাতিয়ার বলিউড সেলিব্রিটি? তা নিয়েও সমালোচনার অন্ত নেই। প্রসঙ্গত, নেটফ্লিক্স সিরিজ ‘দ্য রয়্যালস’-এর ভাগ্যবদলের জন্য পঁচিশ লক্ষের বিনিময়ে ভূমির বুকে হাত রেখে চেনা ছন্দে ক্যামেরায় পোজ ওরির! নেপথ্যে কোনও বিশেষ চুক্তি?
সিরিজটিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলতে এই পোজকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা এই চর্চার সমর্থনে আপাতত আনুষ্ঠানিকভাবে কোনও প্রমাণ মেলেনি। ওরি ও ভূমির ভাইরাল ছবি ঘিরে সংশ্লিষ্ট সিরিজের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২৪ সালের মার্চে ওরির সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল ‘ধুরন্ধর’ রণবীর সিংকে । সেখানে মজার ছলে তিনি এই পোজের তাৎপর্য ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন।

রণবীরের রসিকতা, ওরি কোনও তারকার বুকে কতটা উঁচুতে হাত রাখছেন তার মাধ্যমেই নাকি বোঝা যায় সেই তারকাকে তিনি কতটা গুরুত্ব দেন। ওরিও মজার ছলে জানান, তিনি যত উঁচুতে হাত রাখেন সেই ব্যক্তি তত বেশি প্রাসঙ্গিক। তবে ভূমি পেডনেকর বা ওরি—কেউই সাম্প্রতিক ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।
