নির্বাচনে লড়তে চলেছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকের। ক্রীড়াবিদদের প্রতিযোগিতার পরিবেশ, আর্থিক সুযোগ-সুবিধা বা তাঁদের উন্নতির দিকেই লক্ষ্য থাকবে মনুর। সেই হিসেবে একটি বিশেষ কর্মসূচিও তৈরি করেছেন। ২০২৬-৩০ মেয়াদের মধ্যে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশনের অ্যাথলেটিক কমিটির নির্বাচনে লড়বেন মনু। দু’টি পদের জন্য মোট ১০ জন প্রার্থী আছেন।
২০২৪-র অলিম্পিকে জোড়া পদক পেয়েছিলেন মনু। ২৪ বছর বয়সি ক্রীড়াবিদ বিশ্বের বিভিন্ন প্রান্তে পিস্তল শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফলে শুটিংয়ের হালহকিকত ও সমস্যা সম্পর্কে অবগত। সেই কঠিন অভিজ্ঞতা থেকেই মনুর মনে হয়েছে, শুটিংয়ের ভবিষ্যৎ ও তার রূপরেখা নির্মাণে ক্রীড়াবিদদের ভূমিকা থাকা উচিত। তাছাড়া অনেক নিয়ম বদলানো দরকার। ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য, আর্থিক স্বাচ্ছন্দ্য বা অবসরের পরের নিরাপত্তা নিয়েও ভাবনাচিন্তা দরকার।
সেই কারণে মনু নির্বাচনে লড়ছেন। শুটিং বিশ্বকাপগুলোতে পুরস্কার মূল্য বাড়ানোর জন্য চাপ দিতে চান। তাছাড়া ইভেন্টগুলো টিভিতে সম্প্রচারের মাধ্যমে বাণিজ্যিক প্রচারের দিকেও নজর দিতে চান। যাতে আরও বেশি করে দর্শক আকৃষ্ট হয় ও বিনিয়োগ আসে। মনু বলছেন, “আইএসএসএফ অ্যাথলিট কমিটির নির্বাচনে লড়াই করা আমার কাছে গর্বের। সর্বোচ্চ পর্যায়ে খেলেছি বলে জানি প্রতিযোগীদের কী কী কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমি মনে করি, শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণটাই সব নয়, এই খেলার জন্য নিজেদের বক্তব্য থাকা উচিত।”
এই কমিটি শুটার ও গর্ভনিং বডির মধ্যে একটা সেতুর কাজ করে। শুটারদের অবস্থা, প্রতিক্রিয়া, নিয়মকানুনের খুঁটিনাটি থেকে প্রতিযোগিতার পরিকাঠামো উন্নয়নের দিকে নজর রাখতে হয়। ৩ থেকে ১৩ নভেম্বরের মধ্যে রাইফেল, পিস্তল ও শটগানের কমিটি নির্বাচন হবে। ১৮ বছরের বয়সি শুটারদের মধ্যে যারা চ্যাম্পিয়নশিপে খেলেছেন, তাঁরাই ভোট দিতে পারবেন।
