পড়ুয়াবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা চা শ্রমিকদের পিষে দিয়ে সোজা ধাক্কা মারল কাস্টম অফিসে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন চা শ্রমিকের। আহত হয়েছে ১৫ জন স্কুলপড়ুয়া। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা (Nagrakata) ব্লকের চ্যাংমারি চা বাগানে। ডুয়ার্সের অন্যতম বৃহত্তম চা বাগান চ্যাংমারি। প্রায় পাঁচহাজার শ্রমিক এই বাগানে কর্মরত। ভুটান সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই চা বাগানে রয়েছে একাধিক শ্রমিক মহল্লা। বাগানের মধ্যেই রয়েছে চ্যাংমারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিন স্কুল ছুটির পর পড়ুয়াদের ক্যান্টার গাড়িতে করে বিভিন্ন শ্রমিক মহল্লায় পৌঁছে দেওয়া হয়।
প্রতিদিনের মতো সোমবারও স্কুল ছুটির পর পড়ুয়াদের নিয়ে একটি ক্যান্টার গাড়ি বিভিন্ন শ্রমিক মহল্লার উদ্দেশে রওনা হয়। আপার চ্যাংমারির ডিপালাইন এলাকায় কয়েকজন পড়ুয়াকে নামিয়ে দিয়ে গাড়িটি নেপালি লাইন হয়ে গোদি লাইন শ্রমিক মহল্লার দিকে যাচ্ছিল। সেসময় কাজ শেষে বায়োমেট্রিক হাজিরা দেওয়ার জন্য রাস্তার পাশে বসেছিলেন বেশ কয়েকজন চা শ্রমিক। গোদি লাইন এলাকাতেই রয়েছে চা বাগানের দপ্তর ও কাস্টম অফিস। অভিযোগ, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ছুটে আসা ক্যান্টারটি রাস্তার পাশে বসে থাকা শ্রমিকদের ধাক্কা মারে। এরপর সোজা গিয়ে ধাক্কা মারে কাস্টম অফিসে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। মৃতদের নাম হরিলাল কাছুয়া ও সুরজ ওরাওয়ের। দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের পাশাপাশি গাড়িতে থাকা স্কুলপড়ুয়ারাও গুরুতর জখম হয়।
দ্রুত আহতদের উদ্ধার করে চা বাগান কর্তৃপক্ষের উদ্যোগে লুকসান ও শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুল্কাপাড়া হাসপাতালে চিকিৎসকরা শিত সোরেন নামে আরও এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ছয় পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহত পড়ুয়া ও শ্রমিকদের শুল্কাপাড়া এবং লুকসান হাসপাতালে চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার পর ফের চা বাগানে স্কুলপড়ুয়াদের পরিবহণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীবাহী স্কুলবাসের পরিবর্তে কেন পড়ুয়াদের যাতায়াতের জন্য ক্যান্টার ট্রাক ব্যবহার করা হচ্ছিল? তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষকেরা।
স্থানীয় বাসিন্দা অমরনাথ ঝা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা পুলিশ খতিয়ে দেখছে।” ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মালবাজারের এসডিপিও সুদীপ্ত সরকার এবং নাগরাকাটা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ক্যান্টার গাড়িটি আটক করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
