উৎসবের আবহে স্বামীহারা প্রবীণ বাঙালি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার পরলোকগমন করেছেন প্রযোজক ও সুরকার জয়ন্ত মুখোপাধ্যায়। স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ মৌসুমী। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের- বি. এন. তিওয়ারি এক বিবৃতিতে হেমন্তপুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত চলচ্চিত্র ও টেলিভিশন জগৎ।
জয়ন্ত মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তি গায়ক ও সুরকার হেমন্ত কুমারের পুত্র। পরিবার ও বন্ধুরা তাঁকে ভালোবেসে ‘বাবু’ বলে ডাকতেন। চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে ছিল নিবিড় সম্পর্ক। প্রযোজক হিসেবেও রয়েছে অনবদ্য অবদান। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’। নয়ের দশকের টিভি সিরিয়াল ‘তালাশ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়।

প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী হেমন্ত কুমারের পুত্র হওয়ার সুবাদে জয়ন্ত মুখোপাধ্যায়ও ছিলেন সঙ্গীত দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র। ১২ নভেম্বর, বৃহস্পতিবার শুধু চলচ্চিত্র জগৎই নয়, নক্ষত্রপতন সঙ্গীতমহলও। প্রসঙ্গত, জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পাঁচ দশকের বেশি দাম্পত্য কাটিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। অল্প বয়সে বিয়ে করেছিলেন তাঁরা। চলতি বছরেই একটি সাক্ষাৎকারে মৌসুমী তাঁদের বৈবাহিক জীবন শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন।

তিনি জানান, দশম শ্রেণিতে পড়ার সময় বাগদান ঠিক হয় এবং তার কিছুদিন পরই বিয়ে হয়ে যায়। বিয়ের পর মুম্বই হয় দম্পতির স্থায়ী ঠিকানা। মৌসুমী শুরু করেন তাঁর অভিনয় কেরিয়ার। তাঁদের দুই কন্যা সন্তান মেঘা মুখোপাধ্যায় ও পায়েল মুখোপাধ্যায়। তবে ২০১৯ সালের ডিসেম্বরে ৪৫ বছর বয়সে পায়েলের অকাল প্রয়াণ পরিবারের কাছে ছিল বিরাট ধাক্কা। সাত বছর পর স্বামীকে হারিয়ে জীবনের আরও এক শোকের মুহূর্তের সাক্ষী থাকলেন মৌসুমী।
