পাকিস্তানকে হারিয়ে সাফ অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ব্লু টাইগার্স। দশম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শনিবার ঢাকার প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয়েছিল ব্লু টাইগার্স। প্রথম একাদশে চারটি পরিবর্তন করেন ভারতের কোচ নৌশাদ মুসা। তাতে উজ্জীবিত ফুটবল উপহার দিলেন সুহেল ভাটরা। ‘ড্রাগন বয়েজ’-কে (ভুটানের ডাকনাম) ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত।
শনিবার গোলরক্ষকের দায়িত্বে ফিরেছেন অর্শ আনোয়ার শেখ। মালদ্বীপের বিরুদ্ধে ভালো খেললেও প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন প্রিয়াংশ দুবে। মাঝমাঠে শুরু থেকে রয়েছেন মাংলেনথাং কিপগেন। আইএসএলের ব্যস্ততার কারণে দেরিতে শিবিরে যোগ দেওয়া দুই ফরোয়ার্ড পিভি বিষ্ণু এবং ব্রাইসন ফার্নান্ডেজকেও প্রথম একাদশে রাখেন মুসা। রক্ষণেও একটি বদল হয়। মহম্মদ উওয়াইসের জায়গায় খেলছেন নিখিল প্রভু। অধিনায়ক চিংলেনসানা সিংয়ের সঙ্গে রক্ষণ সামলানোর দায়িত্ব তাঁর কাঁধে। বলাই বাহুল্য, পরিবর্তনের সুফল মিলল শুরু থেকেই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ভারত। চতুর্থ মিনিটে সন্দীপ মাণ্ডি বিষ্ণুর বাড়ানো বল ধরে এগোনোর চেষ্টা করলেও ভুটানের টোবডেনের রক্ষণে বাধা পায়। তবে ৮ মিনিটের মাথায় বাঁ দিক থেকে বক্সের মধ্যে লম্বা পাস পেয়ে অসাধারণ দক্ষতায় বল নিয়ন্ত্রণ করেন বিষ্ণু। এরপর ডান পায়ের শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান ইস্টবেঙ্গলের এই ফরোয়ার্ড। ভারত এগিয়ে যায় ১-০ গোলে। ১৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারত। ব্রাইসনের পাস থেকে বক্সের বাঁ দিকে বল পান মোহনবাগান ফরোয়ার্ড সুহেল ভাট। ভূটান গোলরক্ষকের দক্ষতায় ব্যবধান বাড়াতে পারেনি ভারত। ২১ মিনিটে রিকি শাবং প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দ্রুত বক্সে ঢুকে বল বাড়ান সুহেলের উদ্দেশে। সুহেলের বাঁ পায়ের শটে অবশ্য ব্যবধান বাড়েনি।
এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় সারির দল খেলাচ্ছে ভারত। সিনিয়র দল রয়েছে নিউজিল্যান্ড সফরে। সেখানে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে তারা। তাতে অবশ্য জয় আটকায়নি। ভুটানের বিরুদ্ধে পরিসংখ্যানে অবশ্য অনেকটাই এগিয়ে ভারত। এখনও পর্যন্ত দু’দলের সাতটি সাক্ষাতে ছ’টিতেই জিতেছে ভারত। একটি ম্যাচে জয় পেয়েছে ভুটান। ২০২৫ সালের ১৩ নভেম্বর, শেষ সাক্ষাতে ভুটানকে ৬-১ গোলে হারিয়েছিল ভারত। এবারও সেই আধিপত্য বজায় রাখলেন নীল জার্সিধারীরা। ২৭ মিনিটে ব্যবধান বাড়াল ভারত। গোল করলেন অধিনায়ক চিংলেনসানা সিং। ডান দিক থেকে কিপগেনের নেওয়া কর্নার ভুটানের রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। বল এসে পড়ে গোলের সামনে থাকা চিংলেনসানার পায়ে। সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি ভারতীয় অধিনায়ক। জোরালো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ভারত।
