Hashtagintro

১৫ বলে ৫০! কেরিয়ারের দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের বার্তা সূর্যকুমারের

ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে একবাক্যে আধুনিক ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি বলে মেনে নিয়েছেন। তিনি সূর্যকুমার যাদব। ফাইন লেগের উপর দিয়ে স্কুপ, উইকেটকিপারের মাথার উপর দিয়ে র‌্যাম্প শট কিংবা শরীরের পিছন দিকে বল পাঠিয়ে দেওয়ায় যাঁর জুড়ি মেলা ভার। সেসব আবার দেখা গেল ঘরোয়া ক্রিকেটেও। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে। কেরিয়ারের দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকালেন ‘স্কাই’। এ হেন পারফম্যান্সে তিনি যেন জাতীয় নির্বাচকদের বার্তা দিলেন। 

তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে অবশ্য তাঁর ভাগ্য সুপ্রসন্ন নয়। জাতীয় দলে দীর্ঘদিন জায়গা পাননি। যা নিয়ে অল্পবিস্তর অভিমানও রয়েছে তাঁর। বয়সের ভারে যে বুড়িয়ে যাননি, তা ফের একবার প্রমাণ করলেন সূর্যকুমার। শনবাসরীয় সকালে বিধ্বংসী ইনিংস খেললেন। মাত্র ১৫ বলে ৫০ হাঁকালেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০২২ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০২৪ সালে আইপিএলে আরসিবির বিরুদ্ধে ১৭ বলে ৫০ করার কৃতিত্ব রয়েছে সূর্যের নামে। এবার অতীতের দুই রেকর্ড ভাঙলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

শেষ পর্যন্ত ২১ বলে অপরাজিত ৬০ রান করলেন সূর্য। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ১৩.১ ওভারেই ১৭৩ রানের লক্ষ্য পেরিয়ে যায় মুম্বই। হায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় দিয়ে প্রতিযোগিতার অভিযান শুরু করল মুম্বই। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ২ নম্বর মাঠে এলিট গ্রুপ ডি-র ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সূর্য। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার এবং পাঁচটি ছয়। মাত্র ১৫ বলেই পৌঁছে যান অর্ধশতরানে। তৃতীয় উইকেটে মুশির খানের সঙ্গে মাত্র ২৩ বলে ৬৫ রান যোগ করেন তিনি। সেই জুটিই মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেয়।

ব্যাট হাতে নজর কেড়েছেন মুশিরও। সরফরাজ খানের ভাই ২৪ বলে ৫১ রান করেন। ছ’টি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস। দ্বিতীয় উইকেটে উইকেটকিপার হার্দিক তামোরের সঙ্গে ২৬ বলে ৪৯ রান যোগ করেন মুশির। সেই জুটিতে তাঁর অবদান ১৮ বলে ৪১ রান। দ্বাদশ ওভারে অজয় দেবগৌড়ের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ভারতের হয়ে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার শিবম দুবে ৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। চামা ভি মিলিন্দের ১৪তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭২ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। মুম্বইয়ের হয়ে ম্যাক্সওয়েল স্বামীনাথন ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। শিবম দুবে এবং সিরাজ পটেল দু’টি করে উইকেট পান। হায়দরাবাদের হয়ে অভিরথ রেড্ডি ২৪ বলে ৩৫ এবং কোডিমেলা হিমতেজা ১৬ বলে ২৫ রান করেন। জয়ের পর এবার মুম্বইয়ের সামনে গুজরাট। সোমবার, ১৬ নভেম্বর একই মাঠে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। ১৮, ২০, ২২, ২৪ এবং ২৬ নভেম্বর যথাক্রমে গোয়া, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা ও উত্তরাখণ্ডের বিরুদ্ধে নামবে মুম্বই। মরশুমের প্রথম ম্যাচেই সূর্যকুমারের এমন বিধ্বংসী মেজাজ প্রতিপক্ষ দলগুলির জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language